যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ ও পরম শ্রদ্ধার মধ্য দিয়ে সৈয়দপুরের হাতিখানাস্থ ঐতিহ্যবাহী খানকাহ এমাদীয়া কালান্দারিয়ায় উরস মোবারক সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) বাদ আসর হতে শুরু হয়ে বাদ এশা পর্যন্ত এই বরকতময় মাহফিল উদযাপিত হয়।
এবারের মাহফিলে অত্র খানকাহ শরিফের উপমহাদেশের দুই প্রখ্যাত আধ্যাত্মিক সাধকের বার্ষিক উরস শরীফ যুগপৎভাবে উদযাপিত হয়েছে। এর মধ্যে ছিল ৫ম সাজ্জাদানশিন, আমিরুল আউলিয়া হযরত মাওলানা আলহাজ্ব সৈয়দ শাহ আলী আমিরুল হক এমাদী (রহ.)-এর ১৪৬তম বাৎসরিক উরস মোবারক এবং ৮ম সাজ্জাদানশিন, হাদিয়ে তরিক্বত হযরত মাওলানা আলহাজ্ব সৈয়দ শাহ সাবিহ-উল হক এমাদী (রহ.)-এর ৫৩তম বাৎসরিক উরস মোবারক।
বাদ আসর পবিত্র কুরআন তেলাওয়াত ও জিকির-আজকারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মাহফিলের সূচনা করা হয়। উরস শরিফ উপলক্ষে দুপুর গড়াতেই দূর-দূরান্ত থেকে আগত আশেকান ও জাকেরানদের উপস্থিতিতে খানকাহ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে হৃদয়গ্রাহী ও সুরেলা কণ্ঠে নাতে রাসূল (সা.) এবং আউলিয়া কেরামদের শানে বিশেষ মানকাবাত বা আধ্যাত্মিক কালাম পরিবেশন করেন হায়দার আলী হায়দার এমাদি ও সাঈদ এমাদি।
ওরস শরীফে অত্র খানকাহর সাধারণ সম্পাদক হাজি জুবায়ের এমাদি সাহেব, হাজি হাসান লাল্লু, হাজি আব্দুর রাশিদ, কামরুদ্দিন এমাদি সাহেব, হাজি মাহতাব এমাদি সাহেব, আমজাদ হোসেন এমাদি, আরজু এমাদি, মাহতাব এমাদি, দিলশের এমাদি এবং সাহাবুদ্দিন এমাদিসহ অন্যান্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।