সিরাজগঞ্জে পীর মাওলানা মোহাম্মদ আফসার আলীর ৬ষ্ঠ ওফাত দিবস উপলক্ষে স্মরণসভা সম্পন্ন 

আধ্যাত্মিক সাধক ও পীরে কামেল হযরত শাহ সুফি আলহাজ মাওলানা মোহাম্মদ আফসার আলী (রহ.)-এর ৬ষ্ঠ ওফাত দিবস পালিত হয়েছে। ২০২০ সালের ২৪ জুলাই শুক্রবার তিনি ইন্তেকাল করেছেন। তাঁর এই ওফাত দিবস উপলক্ষে পবিত্র কুরআনখানি, মিলাদ মাহফিল, জিকির-আজকার, বিশেষ দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়।

১৯৪০ সালের ২৭ মার্চ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নুকালি গ্রামে জন্মগ্রহণ করেন হযরত শাহ সুফি আলহাজ মাওলানা মোহাম্মদ আফসার আলী (রহ.)। তিনি আজীবন কুরআন-সুন্নাহর সুমহান আলোকে ইসলামের প্রকৃত দাওয়াত প্রচার, মানুষের মনোজগতের আত্মশুদ্ধি, মানবকল্যাণ এবং দ্বীনি শিক্ষার প্রাশার ও প্রসারে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর আধ্যাত্মিক উচ্চতা, ইলম, তাকওয়া, ইখলাস, অনন্য বিনয় ও মানবপ্রেম তাঁকে সর্বস্তরের মানুষের কাছে পরম শ্রদ্ধা ও ভালোবাসার আসনে অধিষ্ঠিত করেছে।

জীবদ্দশায় তাঁর দরবারে দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্ত, মুরিদ ও অনুসারী খাঁটি আত্মশুদ্ধির শিক্ষা গ্রহণ করতেন। তিনি মানুষকে আল্লাহভীতি, নবীজীর মহব্বত, উৎকৃষ্ট নৈতিক চরিত্র গঠন, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং মানবসেবার শিক্ষা দিয়ে গেছেন। তাঁর প্রজ্ঞাপূর্ণ নসিহত ও আধ্যাত্মিক দিকনির্দেশনা আজও অগণিত মানুষের পথচলায় প্রেরণার আলোকবর্তিকা হয়ে রয়েছে।

ওফাত দিবস উপলক্ষে আয়োজিত দেশের বিভিন্ন স্থানের কর্মসূচিতে প্রখ্যাত ওলামায়ে কেরাম ও ধর্মীয় ব্যক্তিত্বরা বলেন, হযরত শাহ সুফি আলহাজ মাওলানা মোহাম্মদ আফসার আলী (রহ.)-এর রেখে যাওয়া পবিত্র আদর্শ ও শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ। তাঁর জীবনাদর্শ নিজেদের জীবনে অনুসরণ করে সমাজে আধ্যাত্মিকতা, নৈতিকতা, সম্প্রীতি ও ইসলামের প্রকৃত সৌন্দর্য প্রতিষ্ঠা করা সম্ভব।

স্মরণসভায় বক্তারা তাঁর দ্বীনি অবদান, আধ্যাত্মিক নেতৃত্ব এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সমাপনী পর্বে তাঁর রূহের মাগফিরাত ও সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত