দেশের আলিয়া মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত “শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান–২০২৬”-এ এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গৌরবময় সম্মাননা অর্জন করেছে।
আজ ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার) ঢাকার কাকরাইলস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা ও পুরস্কার পদক তুলে দেওয়া হয়।
ঐতিহ্যবাহী এই মাদ্রাসার পক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে মর্যাদাপূর্ণ এই শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা স্মারক গ্রহণ করেন জামেয়ার প্রখ্যাত মুহাদ্দিস, বিশিষ্ট সুফি গবেষক আল্লামা ড. মোহাম্মদ নাছির উদ্দিন নঈমি।

প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্বের পাশাপাশি জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার পাঁচজন কৃতি শিক্ষার্থী ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে দেশসেরা শিক্ষার্থী হিসেবে পুরস্কৃত হওয়ার গৌরব অর্জন করেছেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— কামিল (হাদিস) বিভাগ থেকে হাফেজ মুহাম্মদ আতিকুর রহমান ও মুহাম্মদ বেলাল হুসেন। ফাজিল বিভাগ থেকে মুহাম্মদ শাওয়াল হোসেন, মুহাম্মদ আব্দুল কাদের মজুমদার ও মুহাম্মদ মামুন আহমদ।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে দেশে ইসলামের সঠিক রূপরেখা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ এবং আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে অনন্য ভূমিকা রেখে আসছে। এই অর্জন প্রতিষ্ঠানটির সুশৃঙ্খল অ্যাকাডেমিক পরিবেশ এবং সুফি আদর্শিক শিক্ষারই বহিঃপ্রকাশ।
মাদ্রাসাটির এই ঐতিহাসিক গৌরব ও যুগান্তকারী সাফল্যে আনজুমান-ই রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কর্মকর্তা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্র ও ভক্ত-আশেকানদের মাঝে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই গৌরবময় অর্জনের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি নিজেদের উৎফুল্লতা প্রকাশ করছেন।