চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী গোমদণ্ডী দরবার শরীফে (হাশেমীয়া হক মঞ্জিল) আজ মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র বার্ষিক বা সালানা ওরস শরীফ। আজ ২৫ মে (সোমাবার/১১ই জ্যৈষ্ঠ) খলিফায়ে হযরত গাউছুল আজম বাবা ভাণ্ডারী (ক.), হযরত কুতুবে জামান মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ হোছাইন মাইজভাণ্ডারী (ক.)-এর স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত মর্যাদার সাথে এই ওরস মোবারক উদযাপিত হচ্ছে।
ওরস শরীফের প্রধান দিবস উপলক্ষে গোলজারে আহমদিয়া আশেকানে হাশেমীয়া কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানসূচির প্রথম পর্ব হিসেবে সকাল ৮টায় পবিত্র খতমে কুরআনের মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়েছে। দ্বিতীয় পর্বে দুপুর ২টা থেকে শুরু হবে আউলিয়ায়ে কেরামের শানে বিশেষ নাত-এ-রাসুল (সা.) পরিবেশনা এবং ওয়াজ মাহফিল। রাত ১১টায় শুরু হবে ওরসের অন্যতম আধ্যাত্মিক আকর্ষণ ঐতিহ্যবাহী ছেমা মাহফিল ও মিলাদ-কিয়াম।
আজকের এই পবিত্র ওরস মোবারকে সভাপতিত্ব এবং আখেরী মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা শাহ সুফি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আবুল হাশেম মাইজভাণ্ডারী (ম.)। ওরসের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত থাকবেন পীরজাদা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী (ম.)। গভীর রাতে প্রথম পর্বের আখেরী মোনাজাতের পর কর্মসূচির সর্বশেষ ও বিদায়ী পর্ব হিসেবে শেষ রাতে (ভোর ৩টায়) সমবেত আশেকানদের নিয়ে বিশেষ তাহাজ্জুদ নামাজ আদায় করা হবে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে ওরসের সফল সমাপ্তি ঘটবে বলে আশা করছে দরবার কর্তৃপক্ষ।