সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শাবিপ্রবির মিনি অডিটোরিয়ামে ডিভাইন স্পেকট্রাম সাস্ট (ডিএসএস)-এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ‘সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবনাদর্শ’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাবিপ্রবির লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হকের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নুর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক, গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনযুর-উল-হায়দার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডিএসএসের রিলিজিয়াস উইংয়ের ডিরেক্টর ও ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন আয়োজক উপকমিটির কনভেনর মোহাম্মদ আনিস খান। নাতে মোস্তফা (দ.) পাঠ করেন রিহান রেজা। স্বাগত বক্তব্য দেন ডিএসএসের প্রেসিডেন্ট মো. মহিউল ইসলাম।
এ সময় ‘সীরাত নলেজ হান্ট ২০২৬’ কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন প্রতিযোগিতার কো-কনভেনর আ. ও. ম. ফোরকানুল গণি জিহান। পরে প্রতিযোগিতায় প্রথম ১০ স্থান অধিকারীকে পুরস্কার ও সনদ দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৫ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার, তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার এবং চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীকে ১ হাজার টাকা করে নগদ পুরস্কার দেওয়া হয়। প্রথম থেকে দশম স্থান অধিকারী সবাইকে সার্টিফিকেট ও বই পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অফলাইন ও অনলাইন ক্যাটাগরিতে প্রথম রেজিস্ট্রেশনকারী দুজন এবং পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিশেষ বিবেচনায় আরও তিনজনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের শেষে পবিত্র কিয়াম শরীফ পাঠ ও দোয়া পরিচালনা করেন খাজা মঈনুদ্দিন আহমেদ জালালাবাদী। দোয়া শেষে উপস্থিতদের মধ্যে বিশেষ তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শাবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।