কায়রোতে আন্তর্জাতিক মিলাদ সেমিনার, উপস্থিত আল-আজহারের বিশিষ্ট ব্যক্তিরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মিশরের কায়রোতে আন্তর্জাতিক মিলাদ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল মাওলিদ সেমিনার’-এ বিভিন্ন দেশের ইসলামি চিন্তাবিদ, আলেম-উলামা, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার শরিফের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রফেসর ড. আবদুল ফাত্তাহ আল-আওয়ারি, প্রফেসর ড. সুবহি আবদুল ফাত্তাহ রাবি এবং বিশিষ্ট আলেম ও ইসলামি ব্যক্তিত্ব শায়েখ মোহাম্মদ সাইফুল আজম আল-আজহারী।

আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবনাদর্শ, মানবতার কল্যাণে তাঁর অবদান এবং সমকালীন বিশ্বে তাঁর শিক্ষা ও আদর্শের প্রাসঙ্গিকতা তুলে ধরেন বক্তারা।

বক্তারা বলেন, মহানবী (দ.)-এর জীবন ও আদর্শ শান্তি, ন্যায়, সাম্য, ভালোবাসা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে তাঁর সুন্নাহ ও আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

আয়োজক Ahlus Sunnat Wal Jamat Bangladesh – الطلبة الصوفية البنجلاديشية بمصر-এর প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি, আলেম-উলামা ও অংশগ্রহণকারীরা। তাঁরা এ আয়োজনকে আন্তর্জাতিক পরিসরে মিলাদুন্নবী (দ.)-এর শিক্ষা ও মহানবী (দ.)-এর জীবনাদর্শ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত