ইফার বোর্ড অব গভর্নরস নিয়োগ নিয়ে আহলে সুন্নাতের ক্ষোভ ও হতাশা, সরকারের কাছে চার দাবি

ইসলামিক ফাউন্ডেশনের নবগঠিত বোর্ড অব গভর্নরস নিয়োগে সরকারের একপেশে আচরণ ও নির্দিষ্ট একটি গোষ্ঠীর পাঁচজন গভর্নর নিয়োগে ক্ষোভ প্রকাশ করেছে সুন্নিজনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআত। এ নিয়োগ পুনর্বিবেচনা করে
ইসলামিক ফাউন্ডেশনের নবগঠিত বোর্ড অব গভর্নরসে দেশের সংখ্যাগরিষ্ঠ সুন্নি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অন্তত দুজন বিশিষ্ট, বিজ্ঞ ও গ্রহণযোগ্য সুন্নি আলেমকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে এ সংগঠন।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের দপ্তর সচিব এম. এম নাঈম উদ্দীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মঈন উদ্দীন আশরাফী ও মহাসচিব অধ্যাপক ড. সৈয়দ আবদুল্লাহ আল মারুফ বলেন,
ইসলামিক ফাউন্ডেশনের মতো একটি জাতীয় ধর্মীয় প্রতিষ্ঠানের বোর্ড অব গভর্নরসে বিশিষ্ট আলেমদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশের বৃহৎ সুন্নি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব উপেক্ষা করা অত্যন্ত দুঃখজনক ও হতাশাব্যঞ্জক।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী সুন্নি আকিদা ও ঐতিহ্যের অনুসারী। ফলে রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ একটি ইসলামি প্রতিষ্ঠানের নীতিনির্ধারণী কাঠামোয় দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকা জরুরি। কোনো নির্দিষ্ট ঘরানার আলেমদের মধ্যে প্রতিনিধিত্ব সীমাবদ্ধ রাখা হলে ধর্মীয় ক্ষেত্রে ভারসাম্য ও সর্বজনগ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও উল্লেখ করা হয়।

নেতৃদ্বয়ের বরাতে বলা হয়, বর্তমান সরকারের আমলে দেশের মূলধারার সুন্নি আলেম-ওলামা ও নবীপ্রেমিক জনগোষ্ঠী বিভিন্ন ক্ষেত্রে উপেক্ষিত হওয়ার বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বিতর্কিত ও উগ্র মতাদর্শের কিছু ব্যক্তিকে জাতীয় ও ধর্মীয় বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে অভিযোগ করেন তারা।

বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ করে দেশের ঐকবদ্ধ সুন্নি সংগঠন বলে দাবি করে আহলে সুন্নাতের চেয়ারম্যান ও মহাসচিব বলেন, সরকারের অভ্যন্তরে কোনো মহল একতরফাভাবে পরামর্শ বা সিদ্ধান্তের মাধ্যমে দেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করলে তা সরকারের ভাবমূর্তি ও জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে।

সরকারের কাছে ৪ দাবি

বিবৃতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশের পাশাপাশি সরকারের প্রতি আহলে সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে অন্তত দুজন বিশিষ্ট, বিজ্ঞ ও গ্রহণযোগ্য সুন্নি আলেমকে অন্তর্ভুক্ত করা; দেশের বৃহত্তর সুন্নি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ইসলামিক ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যায়ে ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব রাখা; সুন্নি আলেমদের মধ্য থেকে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগের বিষয়টি বিবেচনা করা এবং ধর্মীয় বিষয়ে রাষ্ট্রীয়নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের সব মূলধারার আলেম-ওলামার মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

নেতারা অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনা করে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে যোগ্য ও গ্রহণযোগ্য সুন্নি আলেমদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। অন্যথায় দেশের বৃহত্তর সুন্নি জনগোষ্ঠীর মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হবে, তার দায় সরকার এড়িয়ে যেতে পারবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত