পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে আব্বাসিয়া দরবার শরিফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আব্বাসিয়া দরবার শরিফ থেকে শুরু হয়ে বরমী, শ্রীপুর, টেংরা ও সাতখামাইর হয়ে পুনরায় আব্বাসিয়া দরবার শরিফে এসে জুলুসটি শেষ হয়।
আব্বাসিয়া দরবার শরিফের নেতৃত্বে আয়োজিত এ জশনে জুলুসে বিভিন্ন দরবার শরিফের পীর-মাশায়েখ, ভক্ত-মুরিদান ও নবীপ্রেমিক মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্বাসিয়া দরবার শরিফের গদ্দিনশীন পীর পীরে তরিকত শাহ সুফী আব্দুল করিম আল-কাদেরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী উলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস. এম. রুহুল আমিন।
জুলুসে রাঙামাটিয়া গাউছিয়া দরবার শরিফের পীর মাওলানা জুনাইদ আহমদ সিরাজি, আব্বাসিয়া দরবার শরিফের শাহজাদা ও কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা হিফজ বিভাগের প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ মোকাদ্দিছ বিল্লাহ আল-কাদেরী, মাওলানা মুছাদ্দিক বিল্লাহ আল-কাদেরী ও ফয়েজ আল মামুন ফকির সহ বিভিন্ন দরবার শরিফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জশনে জুলুস শেষে মিলাদ মাহফিল, তবারক বিতরণ, আলোচনা এবং দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর জীবনাদর্শ, ভালোবাসা ও সুন্নতের অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।