পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ও সাড়ম্বরে উদযাপিত হয়েছে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২৬ই আগস্ট ২০২৬, বুধবার কুমিল্লা টাউন হল ময়দানে এ উপলক্ষে এক বিশাল মহাসমাবেশ ও জুলুস অনুষ্ঠিত হয়।
সমাবেশে আশেকে রাসুলদের মুখে ছিল ‘নাতে রাসুল’, হাতে শোভা পায় রকমারি কালেমা ও দরুদ খচিত পতাকা। চোখে সুরমা মেখে হাজারো সুন্নি জনতা ‘ইয়া নবী সালামু আলাইকা’ ও ‘মোস্তফা জানে রহমত পে লাখো সালাম’ ধ্বনিতে পুরো টাউন হল ময়দান ও চারপাশ মুখরিত করে তোলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু, বখ্শিয়া দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ কুতুব উদ্দিন শাহেদী বখ্শী, শাহপুর দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা আব্দুল কাদের কাওকাব (মা.জি.আ) এবং অলিতলা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মহিউদ্দীন লাতিফী (মা.জি.আ)।
এছাড়াও পানুয়া দরবার শরীফ, রেজভীয়া দরবার শরীফসহ বিভিন্ন খানকাহ ও দরগাহের সম্মানিত পীর-মশায়েখগণ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের হাজার হাজার সুন্নী মুসলিম জনতা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জনাব নাজমুল হাসান এবং হযরত মাওলানা মুফতী মানসুর আহমেদ রাজাপুরী। মহাসমাবেশে সালাত-সালাম ও মিলাদ-কিয়াম পরিবেশন করেন শায়ের মাওলানা মোহাম্মদ সাজ্জাদ হোসেন আল্ মাইজভান্ডারী।
আলোচনা সভা শেষে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে টাউন হল ময়দান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে মিলিত হয়।