কিশোরগঞ্জের অষ্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও খুশির মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টায় অষ্টগ্রাম উপজেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির ব্যবস্থাপনায় অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জশনে জুলুসের জন্য জমায়েত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এতে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ অষ্টগ্রাম এর পীর-মাশায়েখ, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সুন্নি মুসলিমরা অংশগ্রহণ করেন।
পরে মহান আল্লাহর প্রিয় হাবীব, রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পবিত্র আগমন উপলক্ষে জশনে জুলুসটি অষ্টগ্রাম উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে জুলুসটি পূর্ব অষ্টগ্রাম হয়ে হযরত শাহ্ কুতুব (রহ.)-এর মাজার মসজিদ প্রাঙ্গণে গিয়ে পৌঁছায়।
সেখানে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে জশনে জুলুসের সমাপ্তি হয়।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পবিত্র জন্ম ও আগমন উপলক্ষে প্রতি বছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও অষ্টগ্রামে বর্ণাঢ্য জশনে জুলুসের আয়োজন করা হয়েছে।