নাসিরনগরে জশনে জুলুস সুন্নিয়ত প্রচারে পনেরজনকে মরণোত্তর সম্মাননা প্রদান

পবিত্র ঈদে  (দ.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে আয়োজিত এ জশনে জুলুসে পীর-মাশায়েখ, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সকালে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশনে জুলুসটি বের হয়। পরে এটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এ সময় হামদ-নাত, দরুদ ও ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে উপজেলা সদর।

জশনে জুলুস শেষে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরী। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।

সভায় জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক পীরে তরিকত মুফতি মোস্তাক আহমদ ক্বাদেরী আল ওয়ায়েসী বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর আগমন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। জশনে জুলুসের মাধ্যমে নবীপ্রেম প্রকাশের পাশাপাশি তাঁর আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে।”

উপজেলা আহলে সুন্নীত ওয়াল জামাআতের সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল আজিজের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন নাসিরপুর সাহেব বাড়ির গদিনশীন পীর আলহাজ সৈয়দ আবুল মুজাররাদ আশিক বিল্লাহ, অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী, পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া, পীরজাদা শরীফুল আজিজ, মাওলানা কাজী আতাউর রহমান গিলমান, পীরজাদা সৈয়দ মাওলানা আবু বকর সিদ্দিক, মুফতি খন্দকার নজরুল ইসলাম আজিজি, পীরজাদা সৈয়দ আবু নৌশাদ, মোহাম্মদ আক্তারুজ্জামান, পীরজাদা মাওলানা সৈয়দ ওয়ালী হায়দারসহ অনেকে।

আলোচনা শেষে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সুন্নিয়াতের প্রচার ও প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত