নাসিরনগরের হাওরবেষ্টিত বড়নগরেও ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের হাওরবেষ্টিত প্রত্যন্ত এলাকা বড়নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আসর নামাজের পর বড়নগর খাঁনহাটি মুন্সিবাড়ি পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গণ থেকে জশনে জুলুসটি বের হয়। মাওলানা হাফেজ সাদেকুর রহমান ক্বাদেরীর নেতৃত্বে আয়োজিত জুলুসে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি, শিশু-কিশোর ও যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘুজিয়াখাইল গ্রামের নতুন ব্রিজ ও ইছাপুর চকবাজার হয়ে পুনরায় মুন্সিবাড়ি পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গণে ফিরে আসে। পরে মাগরিবের নামাজের পর মসজিদে কোরআন তিলাওয়াত, হামদ ও নাত পরিবেশন করা হয়।

এশার নামাজের পর ঈদে মিলাদুন্নবী (দ.)-এর তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাওলানা হাফেজ সাদেকুর রহমান ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিন ক্বাদেরী ও মাওলানা হাফেজ কুতুবউদ্দিন।

পরে মিলাদ ও জিকির-আজকার অনুষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিন ক্বাদেরীর পরিচালনায় বিশেষ দোয়া করা হয়। দোয়ায় দেশ ও প্রবাসী, মুসলিম উম্মাহসহ সবার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

বড়নগর মুন্সিবাড়ি যুব সংঘের ব্যবস্থাপনায় এবং খাঁনহাটি বড় গোষ্ঠী ঐক্য পরিষদের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। শেষে উপস্থিতদের মধ্যে তাবারোক বিতরণ করা হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত