কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য জশনে জুলুস ও মিলাদ মাহফিল। শনিবার (২৯ আগস্ট) সকালে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে জশনে জুলুসটি বের হয়।

ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদ ও জেলা সুন্নী সাইবার টিমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ জশনে জুলুসে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নবিপ্রেমিক ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।

বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে মিছিলে অংশ নেন মুসল্লিরা। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি জশনে জুলুসে ছিল উৎসবমুখর পরিবেশ।

শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে শুরু হওয়া মিছিলটি কিশোরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

পরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল।

সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, তরফিয়া দরবার শরীফের গদিনিশীন পীর সৈয়দ ইয়াছিন, আটরশি দরবার শরীফের জেলার কর্মী প্রধান আনিসুর রহমান, পাটধা দরবারের গদিনিশীন পীর শফিকুল ইসলাম, ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদের সদস্য সচিব তানভীর আহমেদ আলামিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর পবিত্র জীবন, কর্ম ও আদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। তাঁর আদর্শকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে জশনে জুলুস ও দোয়া মাহফিলের কার্যক্রম শেষ হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত