পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফে আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর) জশনে জুলুস অনুষ্ঠিত হবে।
আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এবং দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন ‘আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া’র ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় আহলা দরবার শরীফ প্রাঙ্গণে জুলুসে অংশগ্রহণকারীদের জমায়েত শুরু হবে। সকাল ৯টায় সেখান থেকে নূরানী জুলুস বের হবে। জুলুসে নেতৃত্ব দেবেন আহলা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহ্সূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-কাদেরী, আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)।
জুলুস শেষে বাদ জোহর নামাজ আদায়ের পর মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জশনে জুলুস সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে চট্টগ্রামে আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার বিভিন্ন শাখা ও ইউনিট কমিটিকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এ ছাড়া আহলা দরবার শরীফের ভক্ত, আশেকানে রাসুল ও ধর্মপ্রাণ মুসল্লিদের জশনে জুলুসে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।