হিজরি নববর্ষ ১৪৪৮-এর যাত্রা শুরু হয়েছে গতকাল থেকে। হিজরি বর্ষপঞ্জির প্রথম দিনকে কেন্দ্র করে দেশজুড়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে হিজরি নববর্ষ পালন করছে।
বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলিম হওয়ায় দেশের ধর্মীয় জীবন, উৎসব ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের সঙ্গে হিজরি বর্ষপঞ্জির গভীর সম্পর্ক রয়েছে। পবিত্র রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আশুরা, ঈদে মিলাদুন্নবী (দ.), শবে বরাত, শবে মেরাজসহ অধিকাংশ ধর্মীয় দিবস, ইবাদত ও গুরুত্বপূর্ণ ইসলামী আয়োজন হিজরি তারিখ অনুসারেই নির্ধারিত হয়। ফলে হিজরি নববর্ষ কেবল একটি নতুন বর্ষের সূচনা নয়, বরং মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয়, ঐতিহ্য ও সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
এ প্রেক্ষাপটে সংসদে প্রতিনিধিত্বকারী তিন প্রধান রাজনৈতিক দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে, হিজরি নববর্ষ উপলক্ষে তাঁদের ডিজিটাল উপস্থিতিতে ভিন্ন ভিন্ন চিত্র ফুটে উঠেছে।
বিএনপির পেজে নীরবতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান এম.পি, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এম.পি এবং স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ এম.পি এর ভেরিফায়েড ফেসবুক পেজে হিজরি নববর্ষ উপলক্ষে কোনো শুভেচ্ছা বার্তা বা সংশ্লিষ্ট পোস্ট দেখা যায়নি। একইভাবে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজেও এ বিষয়ে কোনো পোস্ট প্রকাশ করা হয়নি।
জামায়াতের দলীয় সম্পৃক্ততা দৃশ্যমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান এম.পি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে হিজরি নববর্ষ ১৪৪৮-কে স্বাগত জানিয়ে একটি পোস্ট প্রকাশ করেন। সেখানে তিনি নতুন বছরে মানবতার মুক্তির পয়গাম প্রাপ্তির প্রত্যয় ব্যক্ত করেন।
তবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এম.পি এর ভেরিফায়েড ফেসবুক পেজে হিজরি নববর্ষ সম্পর্কিত কোনো পোস্ট দেখা যায়নি।
অন্যদিকে দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে হিজরি নববর্ষ উপলক্ষে বিশেষ কাভার ছবি সংযোজন করা হয়েছে। পাশাপাশি দলটির আমীরের শুভেচ্ছা বার্তাও সেখানে প্রকাশ করা হয়েছে।
এনসিপির দুই নেতার শুভেচ্ছা,অফিশিয়াল পেজেও কন্টেন্টজাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এম.পি এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁদের ভেরিফায়েড ফেসবুক পেজে হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন।
তবে দলটির সদস্যসচিব আখতার হোসেন এম.পি এর ফেসবুক পেজে এ বিষয়ে কোনো কনটেন্ট দেখা যায়নি।
অন্যদিকে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্ট প্রকাশ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন রাজনৈতিক বাস্তবতা
রাজনৈতিক বিশ্লেষক ড. রিহান আহমেদ বলেন, ধর্মীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম এখন রাজনৈতিক দল ও নেতাদের অন্যতম কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। তবে কোনো নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রকাশ না করলেই সেটিকে দিনটির প্রতি অনাগ্রহ হিসেবে ব্যাখ্যা করার সুযোগ নেই। অনেক ক্ষেত্রে দলীয় বিবৃতি, সংবাদ বিজ্ঞপ্তি, অফলাইন কর্মসূচি কিংবা অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়া হয়।
তারপরও হিজরি নববর্ষের মতো একটি গুরুত্বপূর্ণ উপলক্ষকে কেন্দ্র করে রাজনৈতিক নেতৃত্বের ডিজিটাল উপস্থিতি ও জনসম্পৃক্ততা এখন জনআগ্রহের একটি গুরুত্বপূর্ণ সূচকে পরিণত হয়েছে।