হিজরি নববর্ষ ১৪৪৮ বরণ উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি সিটি কলেজ প্রাঙ্গণে আজ এক বর্ণাঢ্য ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। গাউসিয়া কমিটি বাংলাদেশ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম শাখার উদ্যোগে আজ ১৬ই জুন ২০২৬, মঙ্গলবার এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
হিজরি নববর্ষকে স্বাগত জানাতে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় দেশের প্রখ্যাত সুফি ঘরানার ইসলামী সংগীত শিল্পী ও শায়খগণ উপস্থিত থাকবেন। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে রয়েছেন এমদাদুল ইসলাম কাদেরী, তারেক রেজা কাদেরী, ইকবাল হোসেন কাদেরী, তানভীর হোসেন তারেক কাদেরী, মহিউদ্দীন তানভীর, মুহাম্মদ মিজানুর রহমান কাদেরী, নূরুল্লাহ্ মাহির কাদেরী, শাকী কাউছার কাদেরী, জুলফিকার আশেক কাদেরী এবং মোহাম্মদ ইয়াছিন কাদেরী। তাঁদের সুমধুর কণ্ঠে পরিবেশিত হামদ, নাত ও সুফি ঘরানার আধ্যাত্মিক সংগীত অনুষ্ঠানটিতে এক আধ্যাত্মিক আবহ তৈরি করবে বলে আশা করছেন আয়োজকরা।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী ধর্মপ্রাণ শ্রোতা ও সুফি অনুরাগীদের সুবিধার্থে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করার বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। ‘Gausia Committee GCCC’ নামক অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে এই ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যাটি সরাসরি লাইভ সম্প্রচার করা হবে। নতুন হিজরি বছরকে ইসলামের ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বরণ করে নেয়ার এই ব্যতিক্রমী উদ্যোগে সবাইকে শরিক হবার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।