সৈয়দ আহমদ শাহ সিরিকোটি ১৮৫৬ সালে পাকিস্তানের হরিপুর জেলার সিরিকোট নামক স্থানে জন্মগ্রহণ করেন। বংশগতভাবে তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৯তম আওলাদ।

মাত্র ১৪ বছর বয়সে তিনি কুরআনের হাফেজ হিসেবে শিক্ষাজীবনে প্রাথমিক সফলতা অর্জন করেন। ১৮৮০ সালে ২৪ বছর বয়সে তিনি ফাজিল স্নাতকে কৃতকার্য হয়ে প্রাতিষ্ঠানিক সনদ লাভ করেন।
তাঁর জন্মস্থান হরিপুরের বিখ্যাত সুফি ব্যক্তিত্ব খাজা আবদুর রহমান চৌহরভীর নিকট মুরিদ হয়ে আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োজিত করেন। অতঃপর আধ্যাত্মিক সাধনায় কৃতকার্য হয়ে খাজা চৌহরভীর নিকট থেকে কাদেরিয়া তরিকার খেলাফত লাভ করেন।
তিনি কাদেরিয়া তরিকার প্রচার-প্রসারে আন্তর্জাতিকভাবে কার্যক্রম পরিচালনা করেছেন। ইন্ডিয়া ও পাকিস্তানে তো বটেই, কাশ্মীর, আফগানিস্তান, আরব, বার্মা ও আফ্রিকায় কাদেরিয়া তরিকার প্রচার-প্রসার এবং ইসলামি শিক্ষা বিস্তারে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করেছেন। ধারাবাহিকতায় বাংলাদেশেও তাঁর হাত ধরে তৈরি হয়েছে সুফি সংস্কৃতি ও ইসলামি শিক্ষাকেন্দ্র।
১৯৫৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে তাঁর নির্দেশ ও তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। বাংলাদেশে দরবারে সিরিকোটের মারকাযের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যতম ইসলামি শিক্ষাকেন্দ্র হিসেবেও উক্ত প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে।

১৯৬১ সালের ২৭ এপ্রিল জন্মস্থান হরিপুরের সিরিকোট দরবার শরীফে ইন্তেকাল করেন। সিরিকোট দরবার শরীফেই তাঁর মাজার অবস্থিত, যেখানে প্রতিনিয়ত অগণিত মানুষ তাঁর মাজার জেয়ারত করেন। সিরিকোট দরবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে তাঁর ইন্তেকাল উপলক্ষে প্রতি আরবি সনের ১১ জিলকদ বাৎসরিক উরস শরীফ উদযাপিত হয়।