সৈয়দপুরে আজ জশনে জুলুস, নেতৃত্ব দেবেন সৈয়দ শাহ জামাল আশরাফী আল জিলানী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম জশনে জুলুস আজ বুধবার (২৬ আগস্ট) সৈয়দপুরে অনুষ্ঠিত হবে। জশনে জুলুসে নেতৃত্ব দিতে গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) সৈয়দপুরে পৌঁছেছেন পীরে তরিকত সৈয়দ শাহ আহমদ জামাল আশরাফ আশরাফী আল জিলানী (ভারত)।

দীর্ঘ তিন বছর পর সৈয়দপুরে তাঁর আগমনকে ঘিরে ভক্ত, মুরিদান ও অনুসারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁর আগমন উপলক্ষে এরই মধ্যে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা।

আয়োজক সূত্রে জানা গেছে, আজকের জশনে জুলুসে সৈয়দপুর শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ, ভক্ত ও অনুসারী অংশ নেবেন। জশনে জুলুসকে সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

অংশগ্রহণকারীদের সহযোগিতায় স্বেচ্ছাসেবক টিমও প্রস্তুত রয়েছে। জশনে জুলুসকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

এদিকে পীরে তরিকত সৈয়দ শাহ জামাল আশরাফী আল জিলানীর আগমন ও তাঁর নেতৃত্বে জশনে জুলুসকে ঘিরে সৈয়দপুরে তৈরি হয়েছে ধর্মীয় আবহ। দীর্ঘদিন পর তাঁর আগমনে অনুসারীদের মধ্যে বিশেষ আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে সৈয়দ শাহ জামাল আশরাফী আল জিলানী বলেন, “জশনে জুলুস শুধু একটি আনন্দ শোভাযাত্রা নয়। এটি প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.)-এর প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। আমরা চাই, এই আয়োজনের মাধ্যমে মানুষের হৃদয়ে নবীপ্রেম, শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ আরও গভীর হোক। সবাইকে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব বজায় রেখে জশনে জুলুসে অংশগ্রহণের আহ্বান জানাই।”

আয়োজকদের প্রত্যাশা, শান্তি, শৃঙ্খলা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবারের জশনে জুলুস অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত