সরাইলের পানিশ্বরে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫ টায় নাইলা চকবাজারে আহলে সুন্নাত ওয়াল জামাআত, পানিশ্বর ইউনিয়ন শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

আহলে সুন্নাত ওয়াল জামাআত, পানিশ্বর ইউনিয়ন শাখার সভাপতি হাজী মোহাম্মদ ফুল মিয়া মুন্সীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক।

সভায় ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস, আলোচনা সভা, মিলাদ-কিয়াম, মোনাজাত ও নাত মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, পানিশ্বর মাদিনিয়া গাউছিয়া আলিম মাদ্রাসা থেকে জশনে জুলুস শুরু হয়ে দেওবাড়িয়া, তারাখলা, শাখাইতি ও শোলাবাড়ি হয়ে পানিশ্বর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। সেখানে আলোচনা সভা, মিলাদ-কিয়াম ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে তাবারক বিতরণ করা হবে।

এ ছাড়া গত বছরের মতো এবারও নাত মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিশিষ্ট নাতখাঁদের পাশাপাশি একজন বরেণ্য আলেমকে বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে।

সভায় জুলুস শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলতা বা উসকানিমূলক স্লোগান না দেওয়ার সিদ্ধান্ত হয়। মাইক ও স্লোগানের দায়িত্বে থাকা ব্যক্তিদের মাদ্রাসা থেকে নির্ধারিত স্লোগানের কাগজ সংগ্রহ করে তা অনুসরণ করতে বলা হয়।

সভা থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)-এর আয়োজন সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত