রাজধানীর মোহাম্মদপুরে খানকা-এ-তৈয়্যেবিয়ায় খাজা আবদুর রহমান চৌহরভীর ওরস শরীফ সম্পন্ন

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অত্যন্ত ভাবগাম্ভীর্য, ধর্মীয় মর্যাদা ও সুফি ঘরানার ঐতিহ্য বজায় রেখে প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত খাজা আবদুর রহমান চৌহরভী (রহ.)-এর পবিত্র বার্ষিক ওরস শরীফ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) দিনব্যাপী বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচির মধ্য দিয়ে এই ওরস মোবারক উদযাপিত হয়।

ওরস শরীফ উপলক্ষে সকাল থেকেই পবিত্র কুরআন শরীফ, বুখারী শরীফ, মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল ও অন্যান্য খতম আদায় করা হয়। খতম পর্ব শেষে ওলী-আউলিয়াদের জীবন দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরের পর বাদ জোহর মাজার প্রাঙ্গণে সমবেত সুফি অনুরাগী ও আশেকানদের উপস্থিতিতে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়।
মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ, প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, আউলিয়ায়ে কেরামের পুণ্যভূমির সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সুফি সংস্কৃতি সুরক্ষায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

মোনাজাত শেষে ওরস উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল মেহমান, ভক্ত ও আশেকানদের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে ওরসের সফল সমাপ্তি ঘটে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত