রাজধানীর বাবুবাজারে হযরত বাবা বাহার শাহ্’র তিনদিন ব্যাপী ওরস শরীফ শুরু হচ্ছে আজ

রাজধানীর বাবুবাজার এলাকায় অবস্থিত ঐতিহাসিক কুতুব-উল-আকতাব হযরত বাবা বাহার শাহ্ (রহ.)-এর মাজার শরিফে আজ মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র বার্ষিক ওরস শরীফ। ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১লা জিলহজ থেকে ৩রা জিলহজ পর্যন্ত অর্থাৎ ১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত মোট তিন দিনব্যাপী এই ধর্মীয় ও আধ্যাত্মিক মিলনমেলা চলবে। বাবুবাজারস্থ মাজার শরিফ প্রাঙ্গণে প্রতিবছরের মতো এবারও যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও সুফি ঘরানার ঐতিহ্য বজায় রেখে ওরশের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ওরস শরীফ উপলক্ষে মাজার প্রাঙ্গণে বর্ণাঢ্য আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কুরআন খতম, দুরুদ শরিফ পাঠ, দিন ও রাতব্যাপী জিকির-আজকার, সুফি দর্শন আলোচনা এবং মিলাদ মাহফিল। তিন দিনব্যাপী এই পুণ্যময় অনুষ্ঠানে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আশেকান, সুফি অনুরাগী ও ধর্মপ্রাণ ভক্তদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

মাজারের খাদেম-এ-মাজার পীরজাদা মো. আবুল বাসার শাহ্ (সাজ্জাদানশীন) এবং আহলে আওলাদ হযরত বাবা বাহার শাহ্ (রহ.) পরিবারের পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের ভক্ত ও আশেকানদের এই পবিত্র ওরস শরীফে অংশ নিয়ে আত্মিক প্রশান্তি ও সওয়াব হাসিলের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী এই অনুষ্ঠানটি যেন অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগত মেহমান ও আশেকানদের সুবিধার্থে তদারকি কমিটি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। আগামী ২১ মে (বৃহস্পতিবার) বিশেষ আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি, ঐক্য ও দীর্ঘমেয়াদী কল্যাণ কামনা করে এই বর্ণাঢ্য ওরস শরীফের সফল সমাপ্তি ঘোষণা করা হবে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত