রাঙামাটি গাউছিয়া দরবারের খলিফা আবু তালেব সিরাজীর ৬ষ্ঠ বার্ষিক ওরস মাহফিল সম্পন্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাঙামাটি গাউছিয়া দরবার শরীফে হযরত মাওলানা গরিবুল্লাহ শাহ আল মাইজভাণ্ডারী (রহ.)-এর সাজ্জাদানশীন খলিফা বাবাজান মাওলানা আবু তালেব সিরাজী (রহ.)-এর ৬ষ্ঠ বার্ষিক ওরস মোবারক ধর্মীয় ভাবগাম্ভীর্য, আধ্যাত্মিক আবহ ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত রোববার (২৬ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ ওরসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আশেকান-এ রাসূল (সা.), ভক্তবৃন্দ ও অনুসারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় ফজরের নামাজের পর পবিত্র কুরআন তিলাওয়াত ও খতমে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়। পরে জোহরের নামাজের পর বাবাজান মাওলানা আবু তালেব সিরাজী (রহ.)-এর মাজার জিয়ারত, মিলাদ, দোয়া এবং তবারক বিতরণ করা হয়।

মাগরিবের নামাজের পর থেকে মধ্যরাত পর্যন্ত দরবার প্রাঙ্গণে মিলাদ মাহফিল, জিকির-আসকার ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ওলামায়ে কেরাম আহলে বাইতের মর্যাদা, শায়খ-মাশায়েখের জীবনাদর্শ এবং কারবালার শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ওয়াজ ও দোয়া শেষে উপস্থিত ভক্ত-মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। পাশাপাশি দরবারে অবস্থানকারী আশেকান-এ রাসূল (সা.) শেষ রাতে মিলাদ, জিকির এবং আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন। পরদিন বিদায়ী এজাজতের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৬ষ্ঠ বার্ষিক ওরস মোবারক সফলভাবে সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত