রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে হাজীপাড়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ মুহিব উল্লাহ নকশবন্দী (মা.জি.আ.) সদারতে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর পবিত্র আগমনকে স্মরণ করে আয়োজিত এ জুলুসে বিপুলসংখ্যক নবীপ্রেমিক মুসল্লির অংশগ্রহণে হাজীপাড়া দরবার শরীফ ও আশপাশের রাজপথ মুখরিত হয়ে ওঠে।

রাউজান হাজীপাড়া দরবার শরীফের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে আয়োজিত জশনে জুলুসটি মাজার শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে হাফেজ বজলুল রহমান সড়ক হয়ে জলিল নগর বাস স্টেশন, সেখান থেকে উপজেলা মডেল মসজিদের সামনে দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাজার শরীফ প্রাঙ্গণে এসে শেষ হয়।
জুলুস চলাকালে অংশগ্রহণকারীদের কণ্ঠে ধ্বনিত হয় নারায়ে তাকবির, নারায়ে রিসালাতসহ বিভিন্ন ধর্মীয় স্লোগান। অনেকের হাতে ছিল ইসলামী পতাকা ও বিভিন্ন ব্যানার। নাতে রাসুল (দ.) পরিবেশন ও দরুদ শরীফ পাঠের মাধ্যমে পুরো আয়োজনজুড়ে সৃষ্টি হয় আবেগঘন ও আধ্যাত্মিক পরিবেশ।

জুলুস পরবর্তী আলোচনায় হাজীপাড়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মুহাম্মদ মুহিব উল্লাহ নকশবন্দী বলেন, নবীপ্রেম মানুষের হৃদয়ে ভালোবাসা, বিনয়, সহমর্মিতা ও সংকল্পের প্রেরণা সৃষ্টি করে। মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর আদর্শ অনুসরণ করে সমাজ থেকে হিংসা-বিবাদ দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।