পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম নগরে বর্ণাঢ্য র্যালি করেছে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। শুক্রবার (১৪ আগস্ট) নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামালখানের চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি ও জুলুস প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ সামশুদ্দিন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)। প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনজুমান সদস্য মোহাম্মদ সাদেক হোসেন পাপ্পু।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এসএম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়াজ, আনজুমান সদস্য আনোয়ারুল হক, নুরুল আমিন, আবদুল হাই মাসুম, মাহবুব ছফা, মাহবুবুল আলম, ওয়াহিদ মালেক, তৌহিদুল করিম, মোহাম্মদ ইলিয়াছ, হাফেজ মারুফুর রহমান এবং আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের সচিব প্রফেসর আবু ছালেহ মো. নঈম উদ্দীনসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মনজুর আলম (মনজু) বলেন, চট্টগ্রামের ঈদে মিলাদুন্নবী (দ.)-এর জশনে জুলুস বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন হিসেবে পরিচিত। প্রতিবছর রবিউল আউয়াল মাসে এ আয়োজনকে কেন্দ্র করে নগরের রাজপথ বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে।
তিনি বলেন, জশনে জুলুসে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং দরুদ-সালামের মাধ্যমে তাঁর জীবনাদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করা হয়। ঢাকা ও চট্টগ্রামে আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহম্মদ সাবির শাহ (ম.জি.আ.)-এর সদারতে জশনে জুলুস সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে জশনে জুলুস রাষ্ট্রীয় মর্যাদায় পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রধান বক্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এবারের ঈদে মিলাদুন্নবী (দ.)-এর জশনে জুলুস সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রবিউল আউয়ালকে স্বাগত জানানোর পাশাপাশি এ র্যালির মাধ্যমে আগামী দিনের বৃহৎ জশনে জুলুসের জন্যও ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে।
তিনি ধর্মীয় সম্প্রীতি, শান্তি, মানবিক মূল্যবোধ ও সামাজিক ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্য শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড. লিয়াকত আলী মোনাজাত ও দোয়া পরিচালনা করেন।
এদিকে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের রাউজান, হাটহাজারী, পটিয়া, আনোয়ারাসহ বিভিন্ন উপজেলাতেও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজনে আনজুমান, গাউসিয়া কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।