মিলাদ অলিম্পিয়াড সিজন-০২: চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ক্যাম্পাস ক্যাম্পেইন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে হযরত মুহাম্মদ (দ.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সিরাতচর্চা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে মিলাদ অলিম্পিয়াড সিজন-০২। গাউসিয়া কমিটি বাংলাদেশ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শাখার উদ্যোগে আয়োজিত এ জাতীয় সিরাতভিত্তিক জ্ঞান প্রতিযোগিতায় এবার মোট ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম স্থান অর্জনকারী পাবেন পবিত্র হারামাইন শরীফাইনের জিয়ারতের সুযোগ। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি ল্যাপটপ এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি ট্যাব। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারীরা যথাক্রমে ৭ হাজার ও ৫ হাজার টাকা নগদ অর্থ পাবেন। ষষ্ঠ থেকে দ্বাদশ স্থান অর্জনকারীদের জন্য রয়েছে সার্টিফিকেট, মেডেল ও আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় ধাপ অনলাইনে এবং চূড়ান্ত পর্ব নির্ধারিত কেন্দ্রে সশরীরে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে নির্ধারিত পাঠ্যগ্রন্থ ‘নূরনবী’-এর ১ম থেকে ৩০তম অধ্যায় এবং দ্বিতীয় ধাপে ৩১তম থেকে ৫৫তম অধ্যায় থেকে পরীক্ষা নেওয়া হবে। ফাইনাল রাউন্ডে পুরো বই ও নির্ধারিত নোটের ওপর মূল্যায়ন করা হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর ক্যাম্পাস ক্যাম্পেইন
মিলাদ অলিম্পিয়াড সিজন-০২ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক ক্যাম্পাস ক্যাম্পেইন পরিচালনা করেছে আয়োজক কমিটি। ইতোমধ্যে চট্টগ্রাম মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়, নাছিরাবাদ বয়েজ স্কুল, আল আমিন বারীয়া কামিল মাদরাসা এবং সরকারি সিটি কলেজে প্রচার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আল আমিন বারীয়া কামিল মাদরাসায় মিলাদ অলিম্পিয়াডের ক্যাম্পেইন করছে আয়োজকরা।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অলিম্পিয়াডের উদ্দেশ্য, প্রতিযোগিতার নিয়মাবলি, পাঠ্যসূচি ও পুরস্কার সম্পর্কে জানতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। একই সঙ্গে শিক্ষক মহলেও এ উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

আল আমিন বারীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. ইছমাইল নোমানী দ্য সূফি টাইমসকে বলেন, মিলাদ অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও মানবতার দিশারী হযরত মুহাম্মদ (দ.) সম্পর্কে জানতে পারবে। আধুনিক পাশ্চাত্য সভ্যতা ও অপসংস্কৃতির করালগ্রাসে নিমজ্জিত শিশু-কিশোর ও তরুণদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মিলাদ অলিম্পিয়াডের মাধ্যমে তারা যেমন জ্ঞানের চর্চা করতে পারবে, তেমনি তাদের নৈতিক মূল্যবোধ, আদর্শ ও মানবিক গুণাবলিরও বিকাশ ঘটবে।
সরকারি সিটি কলেজে মিলাদ অলিম্পিয়াডের ক্যাম্পেইন করছে আয়োজকরা।

ক্যাম্পাস ক্যাম্পেইনে আয়োজক কমিটির সদস্য সাকিব, ফয়সাল মাহমুদ, আব্বাস উদ্দিন, নুরুল আবসার, সাইদুর রহমান, হামিদ হাসান, আব্দুর রহমান, মঈন হারুনি, ইমাদউদ্দিন, ইত্তেহাদ, লুতফর, মাহী, ওয়াজেদ, রাইয়ান, মাশরুক, চিশতি, আবিদ এবং আব্দুল্লাহ তাজ উপস্থিত ছিলেন। তাঁরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে অলিম্পিয়াডের উদ্দেশ্য, প্রতিযোগিতার কাঠামো, নিবন্ধন পদ্ধতি, পাঠ্যসূচি ও পুরস্কার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং সিরাতভিত্তিক জ্ঞানচর্চায় অংশগ্রহণের আহ্বান জানান।

যেভাবে অংশগ্রহণ করা যাবে
অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট পর্যন্ত নিবন্ধন করা যাবে। নিবন্ধন সম্পন্নকারী প্রত্যেক অংশগ্রহণকারীকে অধ্যক্ষ হাফেয মুহাম্মদ আবদুল জলীল (রহ.) রচিত ‘নূরনবী’ গ্রন্থের পিডিএফ কপি সরবরাহ করা হবে।

এ অলিম্পিয়াডে শুধুমাত্র ছাত্ররা অংশগ্রহণ করতে পারবেন। ফাইনাল রাউন্ডে উত্তীর্ণদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া মিলাদ অলিম্পিয়াডের প্রথম সিজনের শীর্ষ ১০ বিজয়ী এবং আয়োজক উপকমিটির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য www.miladolympiad.com ওয়েবসাইটে প্রবেশ অথবা নির্ধারিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে আয়োজকরা।

সিজন-০১ এর সাফল্য
গত বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ‘মিলাদ অলিম্পিয়াড’-এর প্রথম আসর শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলতে সক্ষম হয়েছিল। সিজন-০১–এ দেশের ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করে অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫৩টি মাদরাসা, ১৫টি স্কুল, ৩৯টি কলেজ এবং ১৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। মাদরাসাভিত্তিক অংশগ্রহণের পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি প্রমাণ করে যে, সিরাতভিত্তিক এ প্রতিযোগিতা ধর্মীয় শিক্ষার গণ্ডি পেরিয়ে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝেও আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত