মিরপুরে শাহ আলী বাগদাদীর ওরসে কুমিল্লার বখশিয়া দরবারের পক্ষ থেকে গিলাফ চড়ানো ও ফাতেহা পাঠ সম্পন্ন

রাজধানী মিরপুরে ওলীকুল শিরোমণি সুলতানুল আওলিয়া হযরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর পবিত্র বার্ষিক ওরস শরীফ উপলক্ষে কুমিল্লার ঐতিহ্যবাহী বখশীয়া দরবার শরীফের পক্ষ থেকে রওজা মোবারকে গিলাফ চড়ানো ও ফাতেহা শরীফ পাঠের বিশেষ আয়োজন সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ মে) ওরস শরীফের প্রথম দিনেই বখশীয়া ও শাহপুর দরবারের সর্বস্তরের আশেকান ও ভক্তদের নিয়ে মাজার শরিফে এই শ্রদ্ধাঞ্জলি ও আধ্যাত্মিক কর্মসূচি পালন করা হয়। সাম্প্রতিক হামলার ঘটনার পর ওরসের প্রথম দিনেই কুমিল্লার এই শীর্ষ দুই দরবারের উপস্থিতি সুফি জনতার মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

মহতী এই গিলাফ চড়ানো ও ফাতেহা শরীফ অনুষ্ঠানে সদরাত (সভাপতিত্ব) করেন কুমিল্লার ঐতিহ্যবাহী বখশীয়া দরবার শরীফের মহামান্য গদ্দীনশীন পীর সাহেব কেবলা, হযরত মাওলানা মুফতি শাহ মুহাম্মদ কুতুব উদ্দীন শাহেদী বখ্শী (মা. জি. আ.)। ওরসের প্রথম দিনেই তাঁরই প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও দোয়ার মাধ্যমে হযরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর পবিত্র রওজা শরিফে সম্মানসূচক গিলাফ চড়ানো হয়। গিলাফ চড়ানো শেষে তিনি উপস্থিত সকলকে নিয়ে মিলাদ-কিয়াম এবং বিশেষ ফাতেহা পাঠ করেন।

আধ্যাত্মিক এই মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার আরেক ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফের পীর সাহেব হযরত ইয়াসির আহমদ সোবহানী (মা. জি. আ.)।
এছাড়া গিলাফ চড়ানোর এই কর্মসূচিতে বখশীয়া দরবার শরীফের দেশের বিভিন্ন অঞ্চল ও খানকাহ থেকে আগত খলিফাবৃন্দ, মুরিদ, আশেকান এবং ‘বখশীয়া যুব ফোরাম’ ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আখেরী মোনাজাত পরিচালনা করেন বখশীয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা। মোনাজাতে তিনি সাম্প্রতিক সময়ে মাজার ও সুফি সংস্কৃতির ওপর হওয়া উগ্রবাদী হামলার নিন্দা জানিয়ে আল্লাহর দরবারে হেদায়েত প্রার্থনা করেন। একইসাথে তিনি ওলী-আউলিয়াদের এই পুণ্যভূমির শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত