ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক মাছিয়াতা দরবার শরীফে আজ ২২ মে থেকে শুরু হতে যাচ্ছে ১০৩তম বার্ষিক পবিত্র ওরস শরীফ। আওলাদে রাসুল, ছাইয়্যেদুল আউলিয়া হযরত মাওলানা শাহ্ ছৈয়দ ইয়াকুব আলী (রহ.)-এর স্মরণে তিন শতাধিক বছরের ঐতিহ্য ও আধ্যাত্মিক ধারাবাহিকতায় এই দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দুই দিনব্যাপী ওরসের আয়োজন করা হয়েছে।
ওরস শরীফে যোগদানের জন্য সর্বস্তরের মুসলিম উম্মাহ ও আশেকান-ভক্তবৃন্দের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন মাছিয়াতা দরবার শরীফের সু-যোগ্য উত্তরসূরী, প্রখ্যাত মোহাদ্দিস, মুফতীয়ে জামান এবং খতিবে আহলে সুন্নাত আল্লামা শাহ্ সুফি ছৈয়দ জাফরুল কুদ্দুছ গালেব সাহেব মাছিয়াতাভী। তিনি সকলকে এই নূরানী মাহফিলে সময়মতো যোগদান করে অশেষ নেকী ও আধ্যাত্মিক ফয়েজ হাসিল করার অনুরোধ জানিয়েছেন।
মাহফিলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৮টায় মাজার শরীফে পবিত্র কুরআন শরীফ খতমের মাধ্যমে ওরশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপর বাদ আসর মিলাদ শরীফ ও বিশেষ দোয়া এবং বাদ মাগরিব চিশতিয়া ও কাদেরিয়া তরিকার বিশেষ জিকির-আজকার অনুষ্ঠিত হবে। বাদ এশা দেশবরেণ্য ওলামায়ে কেরামগণের উপস্থিতিতে সুফি দর্শন ও শরিয়তের আলোতে পবিত্র ওয়াজ নসিহত অনুষ্ঠিত হবে।
পরেদিন অর্থাৎ আগামীকাল ২৩ মে (শনিবার/৯ই জ্যৈষ্ঠ) ফজর নামাজের পর বিশেষ জিকির ও আধ্যাত্মিক তালিম প্রদান করা হবে। পরিশেষে আখেরী মোনাজাত এবং সমবেত আশেকানদের মাঝে তাবারুক বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই পবিত্র ওরস শরীফের সমাপ্তি ঘটবে।
পবিত্র এই ওরসের আয়োজন সফল করতে সার্বিক তদারকি ও সহযোগিতায় রয়েছেন অ্যাডভোকেট শাহ্ ছৈয়দ ফাতেহাল কুদ্দুছ পাহ্লবী এবং খতিবুল মাশায়েখ শাহ্ ছৈয়দ খায়রুল কুদ্দুছ আজিম।
বাংলাদেশ আঞ্জুমানে ছালেহীনের সার্বিক প্রচার ও ব্যবস্থাপনায় আয়োজিত এই ওরসে দেশের বিভিন্ন জেলা ও দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করছে দরবার শরীফ কর্তৃপক্ষ।