পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কুমিল্লার বরুড়ায় বিশাল জুলুস অনুষ্ঠিত

কুমিল্লার বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বিশাল জুলুস ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার ১২ নম্বর আড্ডা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এ জুলুস অনুষ্ঠিত হয়।

পিলগিরি-খারুল হাজ্বী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে জুলুসের সূচনা হয়। পরে জুলুসটি আড্ডা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খারুল আলেকজান বিবি হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জুলুসের উদ্বোধনী বক্তব্য দেন সোনাইমুড়ী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মফিজুল ইসলাম আল-আবেদী। তিনি জুলুসের মোনাজাতও পরিচালনা করেন।

জুলুস শেষে খারুল আলেকজান বিবি হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

আখেরি মোনাজাত পরিচালনা করেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আলী আকবর ফারুকী।

জুলুসে আড্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত