পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্‌যাপন উপলক্ষে সিএমপিতে মতবিনিময় সভা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।

সভায় সিএমপি কমিশনার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও সভায় জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, র‍্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম ওয়াসা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অংশ নেন। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মনজুরুল আলম মঞ্জু, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব আনোয়ার হোসেনসহ বিভিন্ন   নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত