নোয়াখালী জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মো. কামাল হোসাইন আজ বিকেল ৩টা ১০ মিনিটে সোনাপুর সংলগ্ন গইন্নার মোড় এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম কামাল হোসাইন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছিলেন এবং সম্প্রতি পায়ের অপারেশনের জন্য নোয়াখালী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে আজ বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে পুরো নোয়াখালী জেলায় শোকের ছায়া নেমে আসে এবং প্রিয় নেতাকে শেষবার দেখার জন্য তাঁর বাসভবনে সর্বস্তরের মানুষ ভিড় জমান।
মরহুমের জানাজার নামাজ দুই দফায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত ৯টায় সোনাপুর ও কালিতারা বাজারের মধ্যবর্তী গইন্নার মোড় এলাকায় প্রথম জানাজা এবং আগামীকাল সকাল ৯টায় নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। সংগঠনের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে তাঁর সকল খিদমত কবুল করে জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া চাওয়া হয়েছে।
তাঁর পরিবার ও সংগঠনের পক্ষ থেকে সকলের নিকট জানাযায় শরিক হবার ও দোয়ার আহ্বান জানানো হয়েছে।