নাসিরনগরের গুনিয়াউক দরবার শরীফে দুইদিন ব্যাপী বার্ষিক ওরস শুরু হচ্ছে আগামীকাল

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গুনিয়াউক দরবার শরীফে আগামী ৮ ও ৯ মে ২০২৬ (২৫ ও ২৬ বৈশাখ ১৪৩৩ বাংলা), রোজ শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তরফ জয়ী প্রখ্যাত ওলী হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর অন্যতম বংশধর, কুতুবুল গাজী কুতুবুজ্জামান হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ আবুল কালাম বাবুল চিশতী আল হোসাইনী (রহ.)-এর রূহানী স্মরণে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।

এবারের ওরস শরীফে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও প্রখ্যাত সুফী সাধকগণ উপস্থিত থেকে ইসলামের গূঢ় রহস্য ও সুফিবাদী দর্শন নিয়ে আলোচনা করবেন। ওরসে প্রধান আকর্ষণ হিসেবে হযরত মাওলানা পীর মুফতী গিয়াসউদ্দিন আত্ব-তাহেরী,
বিশেষ আকর্ষণ হিসেবে হযরত মাওলানা মুফতী আমজাদ হোসেন জালালি সাহেব এবং প্রধান বক্তা হিসেবে হযরত মাওলানা ক্বারি খাদিমুল ইসলাম আল হাসাইনী উপস্থিত থাকবেন।

এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রখ্যাত উলামায়ে কেরাম ও নাতে রাসূল (সা.) পরিবেশনকারী শায়েরগণ মাহফিলে অংশ নেবেন।

দরবার শরীফের এই বার্ষিক ওরস মোবারক সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মরহুম কুতুবুজ্জামানের সুযোগ্য সাহেবজাদাগণ, হযরত সৈয়দ আব্দুল মোতালিব (মকুল) চিশতী, হযরত সৈয়দ আব্দুল মুকিত (বকুল) চিশতী আল হোসাইনী এবং হযরত সৈয়দ সাদী চিশতী আল হোসাইনী।

দুই দিনের এই কর্মসূচিতে থাকছে খতমে কোরআন, জিকির-আজকার, মিলাদ মাহফিল ও আউলিয়ায়ে কেরামের জীবনীর ওপর আলোচনা। আগামী শনিবার গভীর রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ওরসের সমাপ্তি ঘটবে। ওরস উপলক্ষে আসা হাজারো আশেকান ও ভক্তদের মাঝে ঐতিহ্যবাহী নেওয়াজ ও তাবারক বিতরণ করা হবে।

গুনিয়াউক পাক দরবার শরীফের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলিম ও তরিকতপন্থী ভাইদের প্রতি এই ওরসে দলে দলে যোগদান করে ওলী-আউলিয়ার নেক ফয়েজ ও বরকত হাসিল করার জন্য বিনীতভাবে আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত