পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) কে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর উপজেলা সদরের জামেয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে জুলুসটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জুলুসটি কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
জুলুস শেষে জমায়েতে বক্তব্য রাখেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, জামেয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়ার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক মুফতি মোস্তাক আহমদ ক্বাদেরী আল ওয়ায়েসী, পীরে তরিকত মাওলানা নজরুল ইসলাম আজিজি, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান গিলমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান আলক্বাদেরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)-এর তাৎপর্য তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের আহ্বান জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জুলুসে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ নেন।