জামালপুরের বকশীগঞ্জে মহাসমারোহে উদযাপিত হচ্ছে পবিত্র ওরস শরীফ আজ। আউলিয়া সম্রাট খাজা শাহ্ সৈয়দ ফরিদ উদ্দিন সাকী ওরফে খাজা মাসূদ-এ-সাকী চিশতী (রহ.)-এর বিশিষ্ট মুরিদান মরহুম কাশেম ফকির চিশতীর বার্ষিক জিয়ারত উপলক্ষে এই আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে/৭ জ্যৈষ্ঠ) বকশীগঞ্জের দক্ষিণ ভাতখাওয়া এলাকার ধলা মিয়ার বাড়িতে এই ওরস শরীফ অনুষ্ঠিত হবে।
আধ্যাত্মিক দিনটি উপলক্ষে আয়োজিত সুফি মহাসমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন গদ্দীনশীন, শায়খে আজম খাজা-এ বারী (রহ.) দরবার শরীফ (বাংলাদেশ ও ভারত)-এর সম্মানিত পীর হযরত খাজা শাহ্ সৈয়দ আশরাফুল আলম ওরফে জীবন চিশতী।
ওরস শরীফকে কেন্দ্র করে ইতিমধ্যেই স্থানীয় ধর্মপ্রাণ মানুষ এবং দূর-দূরান্ত থেকে আসা ভক্ত ও আশেকানদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
ওরস শরীফ উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কুরআন খতম, শরিয়ত ও তরিকতের সমন্বয়ে সুফি দর্শন আলোচনা, মিলাদ-কিয়াম এবং চিশতিয়া ধারার বিশেষ জিকির-আজকার।
ওরস শরীফ উদযাপন কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ সর্বস্তরের জনগণকে উক্ত পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে। আজ গভীর রাতে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরী মোনাজাতের মাধ্যমে এই আধ্যাত্মিক মিলনমেলার সমাপ্তি ঘটবে। মোনাজাত শেষে আগত মেহমান ও আশেকানদের মাঝে তাবারুক বিতরণ করা হবে।