চট্টগ্রামের হাটহাজারী সৈয়দ মছিউল করিম মির্জাপুরীর ৯৩তম ওরস শরীফ উদযাপিত

 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী সরকারহাট মির্জাপুর দরবার শরীফে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে আওলাদে রাসূল (সা.), বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর অন্যতম খলিফা ও মীরে মেহফিলে সামা হযরত সৈয়দ মছিউল করিম মির্জাপুরী (রহ.)-এর ৯৩তম বার্ষিক ওরস শরীফ। গত শুক্রবার (১৫ মে/১ জ্যৈষ্ঠ) দরবার শরীফের গাউছিয়া মছিহ্ মঞ্জিল প্রাঙ্গণে হাজার হাজার আশেকান ও ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর এবং আধ্যাত্মিক পরিবেশে ওরস শরীফ উদযাপিত হয়।

ওরস শরীফের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় বাদ জুমা পবিত্র কুরআন তিলাওয়াত ও মিলাদ শরীফের মধ্য দিয়ে। এরপর দরবারের পক্ষ থেকে হযরত মছিউল করিম মির্জাপুরী (রহ.)-এর জীবনদর্শন ও সুফিবাদী শিক্ষার ওপর জ্ঞানগর্ভ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, “তরিকত ও শরীয়তের সমন্বয়ে একটি সুন্দর ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে ওলী-আউলিয়াদের অবদান অনস্বীকার্য। হযরত মছিউল করিম মির্জাপুরী (রহ.) তাঁর মরমী দর্শন ও শিক্ষার মাধ্যমে মানুষের আত্মিক উন্নয়নে আজীবন কাজ করে গেছেন।”

গাউছিয়া মছিহ্ মঞ্জিল কেন্দ্রীয় পর্ষদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো ভক্তের জন্য যাতায়াত, আবাসন ও তবারক বিতরণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সন্ধ্যা নামার পর থেকেই দরবার প্রাঙ্গণে শুরু হয় আধ্যাত্মিক জিকির, নাতে রাসুল (সা.) এবং মাইজভাণ্ডারী মরমী গানের বিশেষ আসর অর্থাৎ ‘সামা মাহফিল’, যা গভীর রাত পর্যন্ত সমবেত আশেকানদের হৃদয়কে আধ্যাত্মিক সুধায় সিক্ত করে রাখে।

সামা মাহফিল শেষে বিশ্বশান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মির্জাপুর দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হযরত সৈয়দ শাহাদাৎ হুছাইন মির্জাপুরী (ম.)। তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং অগ্রগতির জন্য বিশেষ দোয়া করেন। গভীর রাতে আগত সকল মেহমান ও ভক্তদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে এই পুণ্যময় আধ্যাত্মিক মিলনমেলার সফল সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত