চট্টগ্রামের ষোলশহরে জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও শিক্ষা নিয়ে চিন্তাবৃত্ত’র আয়োজন সম্পন্ন

জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, এর শিক্ষা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জাতীয় ঐক্যের চেতনা জাগ্রত করার লক্ষ্যে চট্টগ্রামের ষোলশহরে ‘জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম’ শীর্ষক স্মৃতিচারণ আড্ডার আয়োজন করেছে সুফি-সুন্নি ছাত্রদের সংগঠন চিন্তাবৃত্ত।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৫টায় ষোলশহর রেলস্টেশনে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনায় উপস্থিত শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে নিজ নিজ স্মৃতি শেয়ার করে একমত হয়ে বলেন, জুলাইয়ের ঐক্য ধরে রেখে জুলাইকে গণমানুষের মুক্তির লড়াইয়ের পাথেয় হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। যুগে যুগে মানুষের অধিকার আদায়ের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের চেতনা হিসেবে জুলাইকে ধারণ করতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে সাঈদুর রহমান বলেন, জুলাই ছিল এ সমাজের মানুষের মুক্তির সংগ্রাম। এ সংগ্রামকে অস্বীকার করা মানে গণমানুষের লড়াইকেই অস্বীকার করা। জুলাই শিখিয়েছে—ধর্ম, বর্ণ ও দলমতের ঊর্ধ্বে উঠে জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে। তাই দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে কিংবা কোনো গোষ্ঠী বা সম্প্রদায়কে বাদ দিয়ে জুলাইকে সার্বজনীন করা সম্ভব নয়।

স্মৃতিচারণ আড্ডায় উপস্থিত ছিলেন সাঈদুর রহমান, মুশফিক ইলাহি, ফরহাদ মোস্তফা, মুনতাসির মাহমুদ, শহিদুল ইসলাম, সাকিব মাহমুদ রুমী, ইলিয়াস সানি, মাসুদুর রহমান ফাহাদ, ইমতিয়াজ জাবেদ, জুলহুস নাইন সায়েম, তৌফিকুল ইসলাম তারেক, নাইমুল হুদা, আশরাফুল ওসমান সাব্বির, মুনির আহমেদসহ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী।

আলোচনায় একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে জুলাইয়ের মতো ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজকরা জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও শিক্ষা সমাজে ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত