চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন ও নিয়োগ পরীক্ষা গ্রহণ

 

মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড (AEMB)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দুটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঝটিকা পরিদর্শন করেছে। আজ ২২ জুন (সোমবার) দিনব্যাপী এই বিশেষ পরিদর্শন ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হয়।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আওতাধীন সকল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন, সুশাসন, আধুনিক ও পরিচ্ছন্ন পরিবেশ এবং জবাবদিহিমূলক প্রশাসনিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন— আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, বোর্ডের সম্মানিত সদস্য প্রখ্যাত মুফতি আল্লামা সৈয়দ অছিয়র রহমান এবং বোর্ডের যুগ্ম সচিব প্রফেসর মুহাম্মদ গোফরান।

আজ সকালে প্রতিনিধি দলটি প্রথমে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিদর্শনে যান। সকাল ৯:৪৫ মিনিটে মাদ্রাসায় পৌঁছে তাঁরা শ্রেণিকক্ষ, ডাইনিং হল, আবাসিক পরিবেশ এবং মাদ্রাসা প্রাঙ্গণের সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত বিষয়সমূহ পর্যালোচনা করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মান আরও উন্নত করার জন্য অধ্যক্ষকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। একইসঙ্গে মাদ্রাসার পাঠদান কার্যক্রমকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার আদলে অধিকতর কার্যকর ও সুশৃঙ্খল করার লক্ষ্যে আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কর্তৃক নির্দেশিত একাডেমিক সময়সূচি যথাযথভাবে অনুসরণের কড়া নির্দেশনা প্রদান করা হয়।

পরবর্তীতে সকাল ১১:০০ ঘটিকায় প্রতিনিধি দলটি রাঙ্গুনিয়ার অপর শিক্ষাপ্রতিষ্ঠান তাহেরিয়া ছাবেরিয়া আবুল হাশেম সুন্নিয়া মাদ্রাসা পরিদর্শনে যান। এসময় মাদ্রাসার কয়েকটি শূন্য পদের বিপরীতে যোগ্য ও দক্ষ শিক্ষক-কর্মচারী বাছাইয়ের লক্ষ্যে নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হয়। প্রতিষ্ঠানটির শ্রেণি কার্যক্রম, শিক্ষাদান পদ্ধতি এবং নির্ধারিত সময়সূচি অনুসরণের বিষয়টি প্রতিনিধি দলের কাছে সন্তোষজনক বলে বিবেচিত হয়।

পরিদর্শনকালে উভয় প্রতিষ্ঠানে প্রশাসনিক কার্যক্রম, হিসাব ব্যবস্থাপনা এবং সামগ্রিক আর্থিক কর্মকাণ্ড পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। মাদ্রাসার তহবিলের আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও শতভাগ জবাবদিহিতা সুদৃঢ় করার লক্ষ্যে সংশ্লিষ্ট পরিচালনা কমিটি ও প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে প্রতিনিধি দল।
আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের শীর্ষ নেতৃবৃন্দ জানান, আঞ্জুমানভুক্ত প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন ও গুণগত মান সুরক্ষায় আগামীতেও এই ধরনের আকস্মিক ও নিয়মিত পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত