চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ফেনী জেলা ছাত্রফোরাম জামেয়া বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬০টিরও বেশি পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় মুদি সামগ্রী, শুকনা খাবার, প্রয়োজনীয় ওষুধ এবং শিশুদের জন্য নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবীরা দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সরাসরি এসব সহায়তা পৌঁছে দেন।
সংগঠনের নেতারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করায় দাতা, শুভানুধ্যায়ী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতারা। একই সঙ্গে বন্যাদুর্গত মানুষের সহায়তায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
কার্যক্রম শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসা এবং মানবিক উদ্যোগে অংশ নেওয়া সবার জন্য দোয়া করা হয়।