চট্টগ্রামে মাওলানা শায়েস্তা খান আল-আজহারীর স্মরণসভা ও আজীবন সম্মাননা প্রদান

 

আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর আধ্যাত্মিক ও সামাজিক সংগঠন ‘তাজকিয়া’র উদ্যোগে এক স্মরণসভা ও মরণোত্তর আজীবন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২১ জুন (রবিবার) বিকেলে চট্টগ্রামস্থ শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট মিলনায়তনে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, প্রাজ্ঞ সুফি ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক ও মাইজভাণ্ডারী গবেষক মরহুম মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল-আজহারী (রহ.)-এর স্মরণে এই মহতী সভার আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াত, নাতে রাসূল (দ.) এবং আধ্যাত্মিক ভাবধারার ঐতিহ্যবাহী মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ স্মৃতিচারণ, পারিবারিক আদর্শ ও মরহুমের সামগ্রিক জীবনযাপনের নানা হৃদয়স্পর্শী দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মরহুমের শ্রদ্ধাভাজন বড় ভাই, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। তিনি নতুন প্রজন্মের আত্মগঠনে মরহুমের আদর্শিক জীবন থেকে শিক্ষা গ্রহণের গুরুত্ব ও আহ্বান তুলে ধরেন।

মরহুমের বহুমাত্রিক ব্যক্তিত্ব, তাসাউফ সাধনা ও মাইজভাণ্ডারী ত্বরিকার ওপর গবেষণাধর্মী কাজ নিয়ে সহকর্মী হিসেবে দীর্ঘদিনের পথচলার স্মৃতিচারণা করেন মাইজভাণ্ডারী একাডেমির সচিব অধ্যাপক জহুর উল আলম এবং মাদ্রাসা-এ গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্রভাষক ও তাজকিয়ার সাবেক সহ-সভাপতি মাওলানা মোঃ মুজিবুল হক।

পরবর্তীতে মরহুমের কর্মময় জীবন, অনবদ্য নৈতিক আদর্শ, আধ্যাত্মিক অবদান এবং তাজকিয়ার প্রতিষ্ঠা, বিকাশ ও সংগঠনটিকে নিয়ে তাঁর দূরদর্শী ভিশনসহ অনন্য ভূমিকার ওপর আলোকপাত করে অত্যন্ত আবেগঘন বক্তব্য রাখেন তাজকিয়া’র প্রধান উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ আবু নাসের নুর অন্তু। অনুরূপভাবে, তাজকিয়া’র প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা হিসেবে তাঁর ছায়াতুল্য অবদান, আদর্শিক জীবন ও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন সংগঠনের সম্মানিত উপদেষ্টাদ্বয় অধ্যাপক মীর তরিকুল আলম ও এইচ.এম. রাশেদ খান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় ও স্মরণীয় মুহূর্ত ছিল মরহুমের পরিবারের হাতে “আজীবন সম্মাননা স্মারক” তুলে দেয়া। ‘তাজকিয়া’র প্রতি তাঁর অসামান্য অবদান, সংগঠনের আদর্শ প্রতিষ্ঠা ও অভিভাবকসুলভ দিকনির্দেশনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ‘তাজকিয়া’ পরিবারের পক্ষ থেকে এই মরণোত্তর স্মারক অর্পণ করা হয়।

পরিশেষে, সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ‘তাজকিয়া’র কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রমিজ আলী। তিনি মরহুমের প্রজ্ঞা, আদর্শ ও দিকনির্দেশনাকে তাজকিয়ার ভবিষ্যৎ পথচলার মূল প্রেরণা হিসেবে ধারণ করার উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমের রুহের মাগফিরাত ও পরকালীন উচ্চ মাকাম কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন তাঁর বড় ভাই প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন।

উক্ত স্মরণসভায় মরহুমের পরিবারবর্গ, মাইজভাণ্ডারী একাডেমি ও ট্রাস্টের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, তাজকিয়া’র উপদেষ্টা পরিষদ, সিনিয়র সদস্যবৃন্দ, কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত