গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে দিনব্যাপী দাওয়াতে খায়র ইজতিমা সম্পন্ন

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং রেলগেট সংলগ্ন কম্যুনিটি সেন্টারে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে দিনব্যাপী দাওয়াতে খায়র ইজতিমা ২০২৬ সম্পন্ন হয়েছে। আজ শনিবার ১৩ জুন ২০২৬ সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ইজতিমায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম মুফতি সৈয়দ অসিয়র রহমান।

ইজতিমা আয়োজন কমিটির আহ্বায়ক মাওলানা এয়াসিন হোসাইন হায়দারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর আলোচনায় বলেন, ইদানীং আহলে বাইতের প্রতি ভালোবাসার আড়ালে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কুৎসা রটনার একটি গভীর ফাঁদ পাতা হয়েছে। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, খোলাফায়ে রাশেদার পবিত্র ক্রমধারা অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি এবং মাওলা আলী রাদ্বিয়াল্লাহু আনহুর খেলাফতের এই ধারাবাহিকতা যারা অমান্য করে, তারা আহলে সুন্নাত ওয়াল জামায়াত থেকে বিচ্যুত, বাতিল এবং মুনাফিক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলগেট সংলগ্ন মিলনায়তনে আয়োজিত এই ইজতিমায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির সদস্য আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার। ইজতিমায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর প্রদান করেন মুফতি কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ। এছাড়া অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আল আজহারী, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা আবদুল মান্নান, পরিচালক মাওলানা আবুল হাশেম এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার।

মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু সাঈদ ও মাওলানা মোহাম্মদ আবদুল খালেক সাহেবের যৌথ উপস্থাপনায় ইজতিমায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আনজুমান সদস্য মাহবুব সাফা, চট্টগ্রাম উত্তর জেলার আলহাজ্ব জামাল পাশা, অধ্যক্ষ মাওলানা আবদুল আউয়াল, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, গাজী লোকমান, মাওলানা নঈমুল হক নঈমী, আবু ইউসুফ চৌধুরী, সেকান্দর চৌধুরী ও আলী আকবর মিরণ। এছাড়া দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির মাওলানা ওবায়দুল হক হক্কানি, শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ মোজাফফর, নুরুল ইসলাম মুনশি এবং বায়েজিদ থানার আহ্বায়ক মাওলানা শেখ মোহাম্মদ আরিফুর রহমানসহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত