ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুরে ঐতিহ্যবাহী হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছু-দারাজ প্রকাশ শাহপীর কল্লা শহীদ (রহ.)-এর মাজার শরিফে পবিত্র বার্ষিক ওরস মোবারক শুরু হচ্ছে আজ রোববার (১০ শে আগস্ট)।
ইতিহাসখ্যাত এই সুফিসাধকের দরবারে ১৬ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী ওরস অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও আশেকান মাজারে সমবেত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগামী ১৪ আগস্ট দিবাগত রাত ১২টায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।
ওরস উপলক্ষে ভক্তদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। মাজারসংলগ্ন রেলপথ ও তিতাস নদীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
তিনি বলেন, ওরসে আগত ভক্তদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে। মাজারসংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ২০২৩ সালে মাজারসংলগ্ন রেলব্রিজে ভক্তদের অবস্থানের সময় ট্রেনের হর্ন শুনে কয়েকজন নদীতে ঝাঁপ দিলে চারজনের মৃত্যু হয়। এবার ওরস চলাকালে ওই রেলপথে ট্রেনগুলোকে গতি কমিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
মাজার পরিচালনা কমিটির সম্পাদক ও খাদেম রফিকুল ইসলাম মিন্টু বলেন, ওরসে আগত ভক্তদের জন্য তবারক বিতরণসহ অবস্থানের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর ওরস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী খড়মপুরে সমবেত হন। এবারও নির্বিঘ্নে ওরস সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাজার কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।