কুরআন-সুন্নাহর সঙ্গে সামঞ্জস্য রেখে হেবা আইন সংশোধনের দাবি ছারছীনা পীরের

সরকারকে দেশের জনগণের ধর্মীয় বিশ্বাস এবং পবিত্র কুরআন-সুন্নাহর নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। একই সঙ্গে ইসলামি শরিয়ত-সংশ্লিষ্ট আইন ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের আগে হক্কানী আলেম-ওলামা ও ইসলামি আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে চলমান হেবা আইন নিয়ে আলেম সমাজের মতামত গ্রহণ করে আইনটি পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধনের দাবি জানান তিনি।

বিবৃতিতে ছারছীনা পীর বলেন, ইসলামি শরিয়ত-সংশ্লিষ্ট বিষয়ে হক্কানী আলেম-ওলামা ও ইসলামি আইন বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা অধিক গ্রহণযোগ্য ও জনকল্যাণকর হবে। জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে আইন প্রণয়ন করা সরকারের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও পবিত্র কুরআন-সুন্নাহর নির্দেশনার সঙ্গে কোনো আইন বা নীতির সাংঘর্ষিকতা তৈরি হলে তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হওয়া স্বাভাবিক। এ ক্ষেত্রে আলেম-ওলামা ও বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চলমান হিবা আইনটি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে কুরআন-সুন্নাহর নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত