কুয়াকাটায় ছারছিনা দরবার শরীফের পীর সাহেবের উপস্থিতিতে খানকায়ে ছালেহীয়া দ্বীনিয়া কমপ্লেক্স জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন

 

পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘খানকায়ে ছালেহীয়া দ্বীনিয়া কমপ্লেক্স’ জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন আমিরে হিযবুল্লাহ, ছারছীনা দরবার শরীফের হযরত পীর ছাহেব কেবলা (মাদ্দাজিল্লুহুল আলী)।

পীর ছাহেব কেবলার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কুয়াকাটাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ কমপ্লেক্স প্রাঙ্গণে সমবেত হন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “মসজিদ হলো আল্লাহর ঘর। এই খানকা ও মসজিদ কমপ্লেক্স অত্র অঞ্চলে ইসলামের সঠিক দাওয়াত ও দ্বীনি শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি উপস্থিত সকলকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায়ের আহ্বান জানান এবং মসজিদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

স্থানীয় মুসল্লি ও পর্যটন সংশ্লিষ্টরা জানান, এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মিত হওয়ায় স্থানীয়দের পাশাপাশি কুয়াকাটায় আগত হাজার হাজার পর্যটকদের দীর্ঘদিনের ইবাদতের স্থানের সংকট নিরসন হবে। আধুনিক স্থাপত্যশৈলীর এই মসজিদটি এলাকায় অন্যতম একটি ধর্মীয় স্থাপত্য হিসেবে পরিচিতি পাবে বলে আশা করা হচ্ছে।

ফলক উন্মোচন শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং হাজার হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করেন। মোনাজাত শেষে আগত মেহমানদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত