কাশ্মীরে বাবা নগরী দরবারে সুফি সাধক মিয়াঁ নিজামুদ্দীনের ১৩০তম ওরসের শেষ দিন আজ: লাখো ভক্তের ঢল

 

সেন্ট্রাল কাশ্মীরের গান্দারবাল জেলার ঐতিহ্যবাহী কাঙ্গান এলাকার ঐতিহাসিক ‘বাবা নগরী ওয়াংগাত’ দরবার শরীফে আজ মহাসমারোহে উদযাপিত হচ্ছে প্রখ্যাত সুফি সাধক ও আরিফ বিল্লাহ হযরত মিয়াঁ নিজামুদ্দীন কিয়ানী (রহ.)-এর ১৩০তম বার্ষিক ওরস শরীফ। আজ ৮ জুন (সোমবার) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুই দিনব্যাপী এই আধ্যাত্মিক মহাসমাবেশ। ওরসের শেষ দিনে আজ মাজার প্রাঙ্গণ ও এর চারপাশের বিস্তীর্ণ পার্বত্য উপত্যকায় জম্মু-কাশ্মীরসহ সমগ্র ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো আশেকান ও সুফি জনতার ঢল নেমেছে।

গতকাল রবিবার শুরু হওয়া এই বার্ষিক মহাসমাবেশকে কেন্দ্র করে পুরো বাবা নগরী এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাজৌরি, পুঞ্চ, দোদা, জম্মু, উধমপুর, বান্দিপোরা, অনন্তনাগসহ কাশ্মীরের প্রত্যন্ত জেলা এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার কাফেলা জিকিরের ধ্বনি তুলে দরবার শরীফে এসে সমবেত হয়েছেন। ওরস উপলক্ষে দরগাহ প্রাঙ্গণ সার্বক্ষণিকভাবে পবিত্র কুরআন খতম, খতমে গাউসিয়া, চিশতিয়া তরিকার বিশেষ জিকির-আজকার এবং সুফি ঘরানার তাত্ত্বিক আলোচনায় মুখরিত রয়েছে।

ওরসের শেষদিনে আজ বিশ্ববিখ্যাত সুফি স্কলার এবং আউলিয়ায়ে কেরামগণ হযরত মিয়াঁ নিজামুদ্দীন কিয়ানী (রহ.)-এর পবিত্র জীবন, আধ্যাত্মিক উত্তরাধিকার এবং তাঁর সুফি দর্শনের মূল শিক্ষা—মানবতা, পরমতসহিষ্ণুতা ও বিশ্বভ্রাতৃত্বের ওপর বিশেষ বয়ান পেশ করছেন।
আজ বিকেলে ওরসের মূল আকর্ষণ ও বিদায়ী পর্ব হিসেবে বিশেষ আখেরী মোনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন, প্রখ্যাত সুফি ব্যক্তিত্ব আলহাজ্ব বাবা জী সাহেব লারভী মিয়াঁ আলতাফ আহমদ।

ঐতিহাসিক এই ওরস যেন কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সে লক্ষ্যে স্থানীয় জেলা প্রশাসন, কাশ্মীর পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং দরবারের নিজস্ব হাজারো স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা মেহমানদের ওজু-গোসল, সুপেয় পানি, চিকিৎসা ও বাসস্থানের জন্য বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে। কাশ্মীরের সুফি সংস্কৃতির অন্যতম বৃহৎ ও তাৎপর্যপূর্ণ এই আয়োজন সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক টহল ও নজরদারি বজায় রাখছে। আখেরী মোনাজাত শেষে উপস্থিত লাখো ভক্তদের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে ওরস শরীফের সফল সমাপ্তি ঘটবে বলে আশা করা যাচ্ছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত