‘এস জেড এইচ এম ট্রাস্ট’র আওতাধীন ‘আলোর পথে’র মাসিক মহিলা মাহফিল সম্পন্ন

“এস জেড এইচ এম ট্রাস্ট” নিয়ন্ত্রনাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন “আলোর পথে”র ব্যবস্থাপনায় এক বিশেষ মাসিক মহিলা মাহফিল ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৩ মে) অনুষ্ঠিত এই মাহফিলে “কোরবানি: আত্মশুদ্ধি, ত্যাগ ও তাকওয়া অর্জনের পথ” শীর্ষক বিষয়ের উপর প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বক্তব্য পেশ করেন চট্টগ্রামের বোয়ালখালী চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা শেখ সাইফুল্লাহ ফারুকী।

প্রধান আলোচকের বক্তব্যে শাহজাদা শেখ সাইফুল্লাহ ফারুকী বলেন, “কোরবানি শুধু পশু জবাই করার নাম নয়; এটি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের নফস, অহংকার, লোভ ও পার্থিব মোহ ত্যাগ করার এক মহান ইবাদত। তাসাওউফের দৃষ্টিতে কোরবানির মূল শিক্ষা হলো আত্মশুদ্ধি (তাজকিয়াতুন নফস), পূর্ণ আত্মসমর্পণ এবং তাকওয়া অর্জন।” তিনি পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে আরও বলেন, কোরবানির মাধ্যমে আল্লাহপাক পশুর বাহ্যিক রক্ত বা গোশত কিছুই গ্রহণ করেন না; বরং তিনি বান্দার অন্তরের তাকওয়া, ত্যাগ, নিষ্ঠা ও বিশুদ্ধ মানসিকতা দেখতে চান।

তিনি উল্লেখ করেন, তাসাওউফ বা সুফি দর্শন আমাদের এই শিক্ষাই দেয় যে, মানুষ যখন নিজের ব্যক্তিগত ইচ্ছাকে আল্লাহর মর্জির কাছে পরিপূর্ণভাবে সমর্পণ করে, তখনই তার অন্তরে প্রকৃত তাকওয়া সৃষ্টি হয় এবং সে আল্লাহর পরম নৈকট্য লাভে ধন্য হয়। তাই আসন্ন ঈদুল আজহার কোরবানি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি মানবতা, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রেম অর্জনের এক অনন্য আধ্যাত্মিক শিক্ষা।

নারীদের আত্মিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আয়োজিত এই মাহফিলে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা। মহানবী (সা.)-এর শানে নাত-এ-রাসুল (সা.) পরিবেশন করেন উম্মে সায়মা সাদিয়া এবং ঐতিহ্যবাহী আধ্যাত্মিক মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন রাজিয়া সুলতানা পপি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন তাসমিয়া তাবাসসুম। পুরো মাহফিলটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে যৌথ সঞ্চালনা করেন মাশরেখা সুলতানা মুক্তা ও সৈয়দা তাসনিয়া তাবাসসুম। মাহফিলের শেষ পর্বে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরিশেষে, দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনসহ বিশ্বের সকল নিপীড়িত ও মজলুম মুসলমানদের সুরক্ষায় আল্লাহ তায়ালার দরবারে অশ্রুসিক্ত ফরিয়াদ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত