পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে সুর ও বাণীর অনন্য মাত্রায় বরণ করে নিতে ব্যতিক্রমী আয়োজন করেছে ‘শাহেনশাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ’। ঐতিহাসিক জশনে জুলুসের প্রাক্কালে ফোরামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ৬টি নাতে রাসুল (দ.) ও ১টি মুর্শিদি কালামসহ মোট ৭টি নতুন ইসলামী সংগীত রিলিজ করা হয়েছে।
রিলিজের পরপরই সংগীতগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে সুফি অনুরাগী এবং আশেকে রাসুলদের মাঝে ব্যাপক সাড়া মিলছে।
রিলিজ হওয়া কালামগুলোতে কণ্ঠ দিয়েছেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি শায়েখ মাওলানা মোহাম্মদ সাজ্জাদ হোসেন আল্ মাইজভান্ডারী (‘আমরা গোনাহগারে’ ও ‘অকুলের মুর্শিদ’), চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি শায়েখ মোহাম্মদ ইমরান রেজা কাদেরী (‘মদিনা শহর’ ও ‘দিদার মোস্তফার’), কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শায়েখ মাওলানা মোহাম্মদ মিনহাজ রেজা কাদেরী (‘তাশরীফ আনেন নূর নবীজী’), কেন্দ্রীয় প্রচার সম্পাদক শায়েখ মোহাম্মদ শামছুত তাবরীজ কাদেরী (‘দয়াল নবী এসেছে’) এবং কুমিল্লা মহানগর শাখার আপ্যায়ন বিষয়ক সম্পাদক শায়েখ নিরব হোসাইন কাদেরী (‘দয়াল নবীর জুলুসে’)।
নতুন কালামগুলো প্রসঙ্গে ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম নুরুন্নবী কাদেরী বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবীর আগমনী মুহূর্তে রিলিজকৃত এই ইসলামী সংগীতগুলো প্রতিটি আশেকে রাসুলের অন্তরে প্রিয় নবীর প্রতি প্রেম ও সুফি ভাবাবেগের বিশেষ অনুভূতি জাগিয়ে তুলবে। ইনশাআল্লাহ, আগামী দিনেও দেশবাসী ও নবীপ্রেমীদের জন্য আমরা আরও সমৃদ্ধ হামদ, নাতে রাসুল ও মানক্বাবাত উপহার দিতে প্রস্তুত রয়েছি।”
সুফিবাদের মূল নির্যাস, রাসুলপ্রেম এবং আধ্যাত্মিক মূল্যবোধকে তরুণ প্রজন্মের কাছে সুস্থ সংস্কৃতির মাধ্যমে ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস ইতোমধ্যে সংস্কৃতি অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।