আল্লামা আবুল কাশেম নূরীর নেতৃত্বে ‘যৌতুক-মাদক বিরোধী সভা ও আ’লা হযরত কনফারেন্স’ অনুষ্ঠিত: যৌতুক-মাদকমুক্ত সমাজ গঠনে আলেম-ইমামদের এগিয়ে আসার আহ্বান

যৌতুক, মাদক, নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে আলেম, ইমাম ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বক্তারা। তাদের মতে, কেবল আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষার প্রসার ঘটালেই এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।

শনিবার (১ আগস্ট) চট্টগ্রামের মুরাদপুর এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে ‘যৌতুক ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাই আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, র‌্যালি ও চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খান ফাজেলে ব্রেলভী (রহ.)-এর ১০৮তম ওফাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আ’লা হযরত কনফারেন্সে এসব কথা বলেন বক্তারা। রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান পীরে তরিকত হযরতুলহাজ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ.)। তিনি বলেন, যৌতুক, মাদক ও নারীর প্রতি সহিংসতা সমাজের ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকেই ১৭ বছর আগে এ আন্দোলন শুরু করা হয়েছে। যৌতুক ও মাদকবিরোধী আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে কন্যাদায়গ্রস্ত পরিবার এবং যুবসমাজকে রক্ষা করতে হবে।

প্রধান অতিথি ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেন, সরকার একার পক্ষে সব সামাজিক সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। জনগণকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। আল্লামা আবুল কাশেম নূরীর মতো আলেমরা সামাজিক অনাচারের বিরুদ্ধে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তা অনুকরণীয়। আলেম, ইমাম ও খতিবরা সক্রিয় হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

বিশেষ অতিথি চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এমপি বলেন, যৌতুক, মাদক ও নারী নির্যাতন রোধে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে সময়োপযোগী আইন প্রণয়ন এবং সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।

প্রধান বক্তা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় চেয়ারম্যান শায়খুল হাদিস কাজী আল্লামা মঈনুদ্দিন আশরাফী (মু.জি.আ.) বলেন, আ’লা হযরত ইমাম আহমদ রেজা (রহ.) কেবল একজন ধর্মীয় সংস্কারকই নন, তিনি ছিলেন জ্ঞানের এক চলন্ত বিশ্বকোষ। তাঁর রচিত দেড় হাজারেরও বেশি গ্রন্থ মুসলিম সমাজের জন্য মূল্যবান দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী। তিনি বলেন, আ’লা হযরতের দর্শনে সুন্নীয়তের সঠিক দিকনির্দেশনা রয়েছে, যা বর্তমান সমাজেও প্রাসঙ্গিক।

সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ জাকারিয়া, সচিব মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী এবং সাংগঠনিক সচিব মুহাম্মদ আয়ুব তাহেরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মাহমুদুল হক রাজিব।

এতে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, পীর তরিকত সৈয়দ শামুনুর রশিদ আমীরী, অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, আল্লামা শফিউল আলম নেজামী, উপাধ্যক্ষ ইনুচ রেজভী, কাজী মাওলানা সোলাইমান চৌধুরী, মাওলানা ইকবাল হোসাইন কাদেরী, মুফতি গোলাম কিবরিয়া, মাওলানা জয়নুল আবেদীন কাদেরীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আলেম, ইসলামি চিন্তাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক ছাত্র-যুবক অংশ নেন।

অনুষ্ঠানের শেষে যৌতুক ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করে উপস্থিত যুবকদের শপথ গ্রহণ করানো হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত