গাউসে জামান সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)-এর একনিষ্ঠ মুরীদ এবং আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আব্দুস সাত্তার চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানী ঢাকার আহছানউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
মরহুম আব্দুস সাত্তার চৌধুরী তাঁর দীর্ঘ জীবনে বহু ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ—চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ মুহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার অন্যতম উদ্যোক্তা ও সাবেক সভাপতি এবং শ্রীপুর গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার সভাপতি হিসেবে দ্বীনি শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন দানবীর ও সমাজসেবক হিসেবে এলাকায় তাঁর ব্যাপক সুনাম রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের মাশায়েখ হযরাতগণ। আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটির পক্ষ থেকে ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশের আহ্বায়ক মোহাম্মদ মনজুর আলম এবং ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন এক যৌথ শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মাশায়েখ হযরাতগণের উসিলায় জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম প্রার্থনা করেন।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান শীঘ্রই সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চট্টগ্রাম ও নোয়াখালীসহ তরিকত অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।