মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক শিক্ষাদর্শের প্রসার এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড (AEMB), চট্টগ্রামের উদ্যোগে দিনব্যাপী ৫ম ‘ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’ (শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা) অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ জুন ২০২৬ (শনিবার) ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে এই উচ্চপর্যায়ের কর্মশালাটি সম্পন্ন হয়।
এবারের বিশেষায়িত কর্মশালায় চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুণ্ড ও রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আঞ্জুমান-ই রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ৫টি মাদ্রাসার প্রায় ১০০ জন শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে মাদ্রাসা শিক্ষার বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ ও তা উত্তরণের কার্যকর কৌশল, ফলাফলভিত্তিক শিক্ষা (Outcome-Based Learning), শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর দায়িত্বশীল ব্যবহার, শ্রেণিকক্ষ ও সময় ব্যবস্থাপনা, ইতিবাচক শৃঙ্খলা চর্চা ও শারীরিক শাস্তি রহিতকরণ নীতিমালা-২০১১, বুলিং ও সাইবার নিরাপত্তা, আধুনিক প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুতকরণ, চাকরি ও ছুটি বিধিমালা, আর্থিক শৃঙ্খলা, নির্ভুল হিসাব সংরক্ষণ এবং কার্যকর পাঠ পরিকল্পনা (Lesson Plan) প্রণয়ন বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
পবিত্র কুরআন তিলাওয়াত এবং নাতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান এম. এ. হামিদ, এফসিএমএ। তিনি বলেন, “আঞ্জুমানভুক্ত মাদ্রাসাগুলোতে গুণগত, আধুনিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে বোর্ড ধারাবাহিকভাবে শিক্ষক প্রশিক্ষণ, একাডেমিক তদারকি এবং আধুনিক মূল্যায়ন ব্যবস্থা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানের প্রথমার্ধে আঞ্জুমান-ই রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আন্তর্জাতিক সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি দক্ষ মানবসম্পদ গঠন ও আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে ধারাবাহিক শিক্ষক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বোর্ডের এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
কর্মশালার বিভিন্ন অধিবেশনে দক্ষ রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও বক্তব্য প্রদান করেন আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, ভাইস চেয়ারম্যান এম. এ. হামিদ, এফসিএমএ, যুগ্ম সচিব প্রফেসর মুহাম্মদ গোফরান এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন।
দ্বিতীয় অধিবেশনে ভাইস চেয়ারম্যান এম. এ. হামিদ, এফসিএমএ মাদ্রাসাসমূহের আর্থিক শৃঙ্খলা, হিসাব সংরক্ষণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ে বাস্তবমুখী পরামর্শ ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “সুশাসন প্রতিষ্ঠা এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের জন্য স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা ও নির্ভুল হিসাব সংরক্ষণের কোনো বিকল্প নেই।”
অন্যান্য সেশনগুলোতে চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন ফলাফলভিত্তিক শিক্ষা (OBL) ও একাডেমিক নেতৃত্ব; যুগ্ম সচিব প্রফেসর মুহাম্মদ গোফরান তথ্যপ্রযুক্তি ও এআই (AI)-এর ব্যবহার, সাইবার নিরাপত্তা ও শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা এবং অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন ও শিক্ষকের পেশাগত নৈতিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সমগ্র কর্মশালার চমৎকার সমন্বয় ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন বোর্ডের যুগ্ম সচিব প্রফেসর মুহাম্মদ গোফরান।

প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান এম. এ. হামিদ, এফসিএমএ এবং মাদ্রাসাসমূহের পরিচালনা পর্ষদের প্রতিনিধিদের মধ্যে সুপরিচিত শিক্ষানুরাগী অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও ইউসুফ চৌধুরী।
অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার তাঁর বক্তব্যে কর্মশালার সার্বিক কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করে বলেন, এই প্রশিক্ষণ মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মাইলফলক হয়ে থাকবে।
সভাপতির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন বলেন, “আদর্শ শিক্ষক, মানসম্মত পাঠদান এবং নির্ভরযোগ্য মূল্যায়ন ব্যবস্থা ছাড়া গুণগত শিক্ষা অর্জন অসম্ভব। তাই শিক্ষক প্রশিক্ষণকে একটি ধারাবাহিক ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করতে হবে। একজন দক্ষ শিক্ষকই একটি আদর্শ ও সুফি আদর্শের প্রজন্ম গঠনের প্রধান নিয়ামক।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পরিশেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন দেশ, জাতি, দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।