কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ‘মাওলিদুন নবী (দ.) সেলিব্রেশন’। ‘সুন্নি ইউথ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে আন্তর্জাতিক মিলাদুন্নবী (দ.) ও সীরাত সেমিনার, রাসূলে আকরাম (দ.)-এর শানে আলোচনা, তরুণ প্রজন্মের করণীয় বিষয়ে দিকনির্দেশনা, হামদ-নাত পরিবেশন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন নিউইয়র্কের নর্থ ব্রংক্স ইসলামিক সেন্টারের পরিচালক ও খতিব শায়খ সাইফুল আজম বাবর আল-আজহারী, চট্টগ্রামের বারিয়া শরীফের শাহজাদা শায়খ সৈয়দ সাইফুল ইসলাম বারী এবং মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শায়খ সৈয়দ হাসান আল-আজহারী। নাতে রাসূল (দ.) পরিবেশন করবেন শায়ের মহিউদ্দিন তানভীর।
আয়োজকদের দাবি, অনুষ্ঠানে দেশ-বিদেশের ইসলামি স্কলার, পীর-মাশায়েখ, আলেম-ওলামা, শিক্ষক, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
নারী শ্রোতাদের জন্য কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে অনুষ্ঠান উপভোগের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছে আয়োজকরা।