পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মানবতার সেবায় আহলা দরবারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার, ২৬ আগস্ট সকালে মিরপুরস্থ আহলা দরবারের খানকা শরীফে এই আয়োজন করা হয়। কর্মসূচির সহযোগিতায় ছিল কোয়ান্টাম ফাউন্ডেশন। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।
কর্মসূচীর উদ্বোধন করেন আহলা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী আল-চিশতী ।
আয়োজকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.) মানুষের কল্যাণ, সহমর্মিতা ও পরোপকারের শিক্ষা দিয়েছেন। সেই আদর্শকে ধারণ করেই ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত রক্তদানে সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।

উল্লেখ্য, ৩২ বছরেরও বেশি সময় ধরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে এই রক্তদান কর্মসূচির আয়োজন করে আসছে আহলা দরবার।